পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে আজ বুধবার (২৬ আগস্ট) ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। একই সঙ্গে কাস্টমস ও বন্দরের সব ধরনের কার্যক্রমও বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান বনি বলেন, সরকারি ছুটির কারণে বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। আগামীকাল বৃহস্পতিবার থেকে পুনরায় আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।

বন্দর সংশ্লিষ্টরা জানান, ভারত থেকে প্রতিদিন প্রায় ৪০০ থেকে ৪৫০টি পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করে। এসব পণ্যের বড় একটি অংশ বাংলাদেশের রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের কাঁচামাল। আমদানি কার্যক্রম থেকে বেনাপোল বন্দর দিয়ে সরকার প্রতিদিন প্রায় ১০ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে।

বেনাপোল ইমিগ্রেশনের ওসি ফেরদৌস হোসেন খান বলেন, সরকারি ছুটির কারণে বুধবার বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ভারত ও বাংলাদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের গমনাগমন স্বাভাবিক রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ডিডি) রুহুল আমিন জানান, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানিসহ কাস্টমস ও বন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে আমদানিকৃত পণ্য খালাস শেষে ভারতীয় খালি ট্রাকগুলো ভারতে ফিরে যেতে পারবে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল থেকে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ কাস্টমস ও বন্দরের সব কার্যক্রম পুনরায় স্বাভাবিকভাবে শুরু হবে।