দুর্নীতি দমন কমিশনের (দুদক) শীর্ষ পর্যায়ের তিন কর্মকর্তাকে বদলি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে দুজন মহাপরিচালক এবং একজন পরিচালক রয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুদকের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক মোহাম্মদ নাজমুল হাসানের সই করা এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, মহাপরিচালক মো. মোজাম্মেল হককে মহাপরিচালক (মানিলন্ডারিং) পদ থেকে সরিয়ে প্রতিরোধ বিভাগের মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, মহাপরিচালক মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে মহাপরিচালক (বিশেষ তদন্ত) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মানিলন্ডারিং বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ছাড়া পরিচালক দাউদ হোসেন চৌধুরীকে পরিচালক (অর্থ ও হিসাব) পদ থেকে সরিয়ে দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলের পরিচালক হিসেবে বদলি করা হয়েছে।