ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হোসেনের কক্ষে তার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বৈঠককে কেন্দ্র করে সোমবার মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এ সময় বোর্ড সভা আয়োজনের জন্য ব্যাংক কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগের অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

বিক্ষোভকারীদের অভিযোগ, বোর্ড সভা আয়োজনের জন্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর বিভিন্ন মহল থেকে চাপ দেওয়া হচ্ছিল। এমনকি সাদা পোশাকধারী গোয়েন্দা সংস্থার সদস্যরাও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে বোর্ড সভা আয়োজনের তাগিদ দিচ্ছেন। এমনকি গ্রাহক-শেয়ারহোল্ডারদের বিক্ষোভ এরিয়ে অনলাইনে বোর্ড সভা আয়োজনের জন্যও চাপ দেয়া হচ্ছে।

এসময় ভারপ্রাপ্ত এমডি আলতাফ হোসেন সাংবাদিকদের জানান, বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি বিবেচনায় অনলাইনে বোর্ড সভা আয়োজনের অনুমতি দিয়েছিল। তবে গ্রাহকদের আন্দোলন এবং উদ্ভূত পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত সভা অনুষ্ঠিত হয়নি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের বিরুদ্ধে বিতর্কিত ব্যবসায়ী এস আলমকে ঋণের নামে অর্থ পাচারে সহযোগিতার অভিযোগ থাকায় তার নিয়োগ বাতিল এবং সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানকে পুনর্বহালের দাবিতে সকাল থেকেই ব্যাংক ভবনের সামনে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের বিক্ষোভ চলছিল।

এ সময় এমডির কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। পরে বাইরে অপেক্ষমাণ সাংবাদিকরাও ভেতরে প্রবেশ করে ভারপ্রাপ্ত এমডির কাছে পরিস্থিতি সম্পর্কে জানতে চান।

ব্যাংকটির বিভিন্ন সূত্র জানায়, সোমবার রাত পর্যন্ত বোর্ড সভা আয়োজনের চেষ্টা চললেও আন্দোলনের কারণে তা সম্ভব হয়নি। একই সঙ্গে সাবেক এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র-সংক্রান্ত বিষয়ও অনিষ্পন্ন রয়ে গেছে।

এদিকে নতুন চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগের প্রতিবাদে দিনভর দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন গ্রাহক ও শেয়ারহোল্ডাররা। আন্দোলনকারীদের অভিযোগ, এই নিয়োগের মাধ্যমে বিতর্কিত ব্যক্তিদের পুনর্বাসনের চেষ্টা চলছে। তারা চেয়ারম্যানের নিয়োগ বাতিল, সাবেক এমডিকে পুনর্বহাল এবং ব্যাংকটির পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। আন্দোলনকারীদের দাবি, কর্মসূচি চলাকালে পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে, এতে বহু মানুষ আহত হয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ বিষয়ে বলেন, কোনো নিয়োগ বা সিদ্ধান্ত আন্দোলনের চাপে নেওয়া হবে না। বাংলাদেশ ব্যাংক আইন ও বিধি অনুযায়ী নিজস্ব প্রক্রিয়ায় সিদ্ধান্ত নেবে। তিনি জানান, পরিস্থিতি বিবেচনায় অনলাইনে বোর্ড সভার অনুমতি দেওয়া হয়েছিল, তবে শেষ পর্যন্ত সভা অনুষ্ঠিত হয়নি বলে তিনি জেনেছেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ব্যাংকপাড়া এলাকায় স্বাভাবিক কার্যক্রম বজায় রাখার স্বার্থে আন্দোলনকারীদের সরে যেতে অনুরোধ করা হয়েছিল। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হয়েছে।

১৯৮৩ সালের ১৩ মার্চ দক্ষিণ এশিয়ার প্রথম শারীয়াহভিত্তিক এই ব্যাংক প্রতিষ্ঠা লাভ করে। ব্যাংকটির তৎকালীন উদ্যোক্তা ও পরিচালকদের সততা ও দক্ষতার ফলে খুব অল্প সময়ের মধ্যে ব্যাংকটি বিপুল জনপ্রিয়তা পায়। কিন্তু ইসলামী ধারার এই ব্যাংকটির সাফল্য ও সমৃদ্ধি মেনে নিতে পারেনি ফ্যাসিবাদী গোষ্ঠি। ২০১৭ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্টায়ত্ব গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপে মূল উদ্যোক্তাদের কাছথেকে ব্যাংকটি ছিনিয়ে নিয়ে লুটেরা গোষ্ঠি এস আলম। এস আলমের সীমাহীন লুটপাটে দুর্বল হয়ে পড়ে ব্যাংকটি। সৈরাচার হাসিনা সরকারের পতনের পর পালিয়ে যায় ব্যাংক লুটেরাও। পাঁচ আগস্ট পরবর্তি কিছুটা স্বাভাবিক পরিস্থিতি থাকলেও এখন আবারও ব্যাংকটিকে ঘিরে নতুন করে ষড়যন্ত্র শুরু হলে হাজার হাজার গ্রাহক ও শেয়ারহোল্ডার মাঝে উদ্বেগ ও উত্তেজনা দেখা দেয়।