আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিরোধীদলের প্রার্থী নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক আহ্বান করা হয়েছে।
গতকাল শনিবার সন্ধ্যা ৭টায় রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সর্বসম্মতভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় দলটি। এ লক্ষ্যে আগামীকাল ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে বিরোধীদলের পক্ষ থেকে রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, সংবিধান সংস্কার এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা হয়।
দলীয় সূত্রে জানানো হয়, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপন্থা নিয়েও আলোচনা করা হয়েছে।