বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় অঞ্চল। এ অঞ্চলের প্রাকৃতিক সম্পদ, পর্যটন, কৃষি ও মানবসম্পদকে যথাযথভাবে কাজে লাগাতে হলে সর্বপ্রথম নিরাপত্তা ঝুঁকি দূর করে স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। শুক্রবার খাগড়াছড়ি জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দারুল আইতামে দিনব্যাপী অনুষ্ঠিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন ধরে বিরাজমান অস্থিরতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ব্যাহত করছে। এ অবস্থা থেকে উত্তরণে জাতীয় ঐক্য, ন্যায়ভিত্তিক শাসন ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার বিকল্প নেই। তিনি সকল শ্রেণি-পেশার মানুষকে দেশ ও জাতির কল্যাণে ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান জানান। রুকনদের উদ্দেশ্যে মুহাম্মদ শাহজাহান বলেন, একজন রুকন কেবল সংগঠনের কর্মী নন; তিনি দ্বীনের একজন দায়ী ও আদর্শ সমাজ গঠনের অগ্রসৈনিক। তাই প্রত্যেক রুকনকে তাকওয়া, ইখলাস, ধৈর্য ও আত্মত্যাগের গুণে গুণান্বিত হতে হবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ও সামাজিক জীবনে ইসলামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, মাওলানা নুর আহমদ আনোয়ারী এবং সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের রুকনদের আদর্শিক মানোন্নয়ন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি এবং দেশ ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে একটি সমৃদ্ধ ও মানবিক রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত রুকন ও দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।