বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মোঃ ফখরুল ইসলাম বলেছেন,শত শহীদের রক্তে রঞ্জিত এ কাফেলাকে সামনে এগিয়ে নিতে সাবেক দায়িত্বশীলদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বিগত জাতীয় নির্বাচনে বিশাল জনগোষ্ঠী ইসলামের পক্ষে তাদের সমর্থন জানিয়েছে। নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমে তাদের সংগঠনের প্রতি সম্পৃক্ততা বাড়াতে হবে। গতকাল শনিবার মৌলভীবাজার জেলা শহরের দেওয়ান মঞ্জিলে অনুষ্ঠিত ছাত্র আন্দোলনের সাবেক সদস্য ও সদস্য প্রার্থীদের প্রীতি সমাবেশে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন। জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর উপস্থাপনায় প্রাণবন্ত এই প্রীতি সমাবেশে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের জেলা কর্ম পরিষদ সদস্য ও পৌরআমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম। বক্তব্য রাখেন আলী আজম, খালেদ আহমদ, তারেক আজিজ, মাসুমুর রহমান, সেলিম মুহাম্মদ, মাইনুল ইসলাম, আব্দুল হামিদ দেওয়ান আশফাক আহমদ চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথি ছাত্রশিবিরকে নেতৃত্ব তৈরীর কারখানা উল্লেখ করে বলেন, দীর্ঘ ও ধারাবাহিক প্রশিক্ষণের মাধ্যমে গড়ে উঠা নেতৃত্বকে বৃহত্তর ময়দানে আল্লাহর দেয়া যোগ্যতাকে পূর্ণভাবে কাজে লাগাতে হবে। নিজেদেরকে শপথের কর্মী হিসেবে আন্দোলনের নিকট পেশ করতে হবে সভাপতির বক্তব্যে জেলা আমীর ইঞ্জিনিয়ার মোঃ শাহেদ আলী বলেন, জুলাই বিপ্লবের পর সম্ভাবনাময় নতুন বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্বের শূন্যতা পূরণে সাবেকদের এগিয়ে আসতে হবে।