আজ শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানী ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকের মূল এজেন্ডা ছিল আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন। এ বিষয়ে বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতভাবে সিদ্ধান্ত গৃহীত হয় যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করবে। বিরোধী দলীয় প্রার্থী মনোনয়ন ও চূড়ান্তকরণের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামীকাল ১১ দলীয় ঐক্যের একটি শীর্ষ বৈঠক আহ্বান করা হয়েছে। এই বৈঠকে আলোচনার মাধ্যমেই রাষ্ট্রপতি পদে যৌথ প্রার্থী দেওয়ার বিষয়টি চূড়ান্ত রূপ পাবে বলে জানানো হয়।

বৈঠকে দেশের চলমান সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও গভীর পর্যালোচনা করা হয়। বিশেষ করে বর্তমান সংবিধান সংস্কার ইস্যু, দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিবেশ এবং ১১ দলীয় ঐক্য কর্তৃক ঘোষিত বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের কৌশল নিয়েও বিস্তারিত মতবিনিময় করেন শীর্ষ নেতারা।