বরিশাল নগরীতে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্সের নির্মাণকাজের উদ্বোধন করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার দুপুরে বরিশাল নগরীর কাশিপুরে তিনি এ তথ্য কমপ্লেক্সের উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, আধুনিক তথ্য কমপ্লেক্স শুধু তথ্যসেবা নয়, বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, 'তথ্য কমপ্লেক্স প্রকল্পের কাজ শেষ হওয়ার পর সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই 'ডিজিটাল বাংলাদেশ'কে 'স্মার্ট বাংলাদেশে' পরিণত করা হবে।'

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, 'তথ্য কমপ্লেক্সে প্রতিদিন যদি চারটি করে সিনেমা চলতে থাকে, যার যেমন সুবিধা ঘরে বসে ইন্টারনেটে টিকিট কাটবে, এসে ভালো ভালো ছবি দেখে চলে যাবে। এই ধরনের নানান রকম বহুমুখী তথ্যসেবা, বিনোদনসেবা, জ্ঞান আহরণের সেবা ও গবেষণার সেবা দেওয়ার জন্যই আমরা এই তথ্য কমপ্লেক্সের যাত্রা শুরু করেছি।'

বরিশাল নগরীর কাশিপুরে ১৭ কোটি টাকা বরাদ্দে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী আরও বলেন, 'নির্মাণ হতে যাওয়া আধুনিক তথ্য কমপ্লেক্সে বিশ্বের সবচেয়ে তথ্য সমৃদ্ধ আর্কাইভসহ প্রযুক্তিতে তরুণদের দক্ষতা বৃদ্ধি সেবা দেওয়ার চিন্তা-ভাবনা রয়েছে।'

তথ্য কমপ্লেক্সের কার্যক্রম দ্রুত সেবামুখী ও দক্ষ করে তুলতে সাংবাদিকদের অগ্রাধিকার দিয়ে এটি ব্যবহারের জন্য আহ্বান জানান তথ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, 'আমার আহ্বান থাকল, তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী হবে বরিশালের গণমাধ্যম জগতের ব্যক্তিত্বরা।'

তিনি বলেন, 'সরকার দেশে সর্বাধুনিক প্রযুক্তির তথ্য কমপ্লেক্স তৈরির কাজ চালাচ্ছে। প্রযুক্তির বিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বাংলাদেশও এগিয়ে যাবে আগামীর পথে।' এছাড়াও প্রচলিত অর্থেই উন্নয়ন নয়, আধুনিক জ্ঞাননির্ভর উন্নতির দিকে এগিয়ে যাওয়ার জন্য তথ্যমন্ত্রী আহ্বান করেছেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং গণপূর্ত বিভাগ, বরিশালের আয়োজনে অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন ও গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবুল জলিল।

এ সময় বরিশালের বিভাগীয় কমিশনার, পুলিশের ডিআইজি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, জ্যেষ্ঠ সাংবাদিক এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।