উচ্চশিক্ষার মানোন্নয়ন, দক্ষতাভিত্তিক শিক্ষা, গবেষণা ও কারিগরি সহযোগিতা সম্প্রসারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে রাশিয়ান হাউস। বিশেষ করে শিক্ষক-শিক্ষার্থী পর্যায়ে একাডেমিক সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় এবং আন্তর্জাতিক শিক্ষার সুযোগ সম্প্রসারণে দুই পক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয় এ আগ্রহের কথা জানান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে ড. আমানুল্লাহ বলেন, আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। উচ্চশিক্ষায় দক্ষতাভিত্তিক ও কারিগরি শিক্ষার প্রসারে রাশিয়ার শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিপুলসংখ্যক শিক্ষার্থীকে আধুনিক, দক্ষতাভিত্তিক ও আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ দিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। এ ক্ষেত্রে রাশিয়ার শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে। একই সঙ্গে যৌথ গবেষণা, একাডেমিক অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে সুযোগ তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খলেভনয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করে বলেন, দুই দেশের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে উচ্চশিক্ষার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

বৈঠকে ভবিষ্যতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। বিশেষ করে কারিগরি শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক নেটওয়ার্ক সম্প্রসারণ, একাডেমিক অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক সুযোগ সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পায়।

এ সময় বাংলাদেশে রাশিয়ান দূতাবাসের কালচারাল প্রোগ্রাম বিভাগের প্রধান প্রশান্ত কুমার বর্মন, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক রাজ বিন কাসেম, কমিউনিকেশনস এক্সপার্ট গৌতম বড়ুয়া, মাল্টি-ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের কোঅর্ডিনেটর মো. সাইফুল ইসলাম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।