স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এর ফলাফলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) হাই স্কুল অনন্য সাফল্য অর্জন করেছে। গত ১০ আগস্ট প্রকাশিত ফলাফলে বিদ্যালয়টির পাসের হার ৯৮ দশমিক ১১ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ৫৩ জন শিক্ষার্থীর মধ্যে ৫২ জন কৃতকার্য হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ৮ জন, যাদের সবাই বিজ্ঞান বিভাগের বালিকা। এর মধ্যে ৪ জন অর্জন করেছে গোল্ডেন জিপিএ-৫।
কৃতকার্য ৫২ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ২৮ জন, মানবিক বিভাগের ১৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগের ১১ জন। তাদের মধ্যে বালিকা ৩৩ জন ও বালক ১৯ জন। এছাড়া ২৩ জন শিক্ষার্থী এ গ্রেড অর্জন করেছে।
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জাতীয় গড়ের তুলনায় গাকৃবি হাই স্কুলের ৯৮ দশমিক ১১ শতাংশ পাসের হার বিদ্যালয়টির শিক্ষার মান ও শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার প্রতিফলন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
১৯৯৯ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত ৩৭২ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।
গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান কৃতকার্য শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, গাকৃবি হাই স্কুলকে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক উৎকর্ষের সঙ্গে এগিয়ে নিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের আলোকিত, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলাই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত সাফল্য।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এবারের ফলাফল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল। ভবিষ্যতে আরও ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের আদর্শ, দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে প্রচেষ্টা অব্যাহত থাকবে।