রাজধানীর ধোলাইখালে সাদেক হোসেন খোকা মাঠে শহীদ মুন্তাসির রহমান আলিফের স্মরণে আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণ এ টুর্নামেন্টের আয়োজন করে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম।

বিজয়ী ও রানার্সআপ দুই দলকে অভিনন্দন জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে আবু সাদিক কায়েম বলেন, শহীদ মুন্তাসির রহমান আলিফের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাঁদের লড়াই চলমান থাকবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আধুনিক সিটি করপোরেশনে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “সঠিক পরিকল্পনার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আধুনিক সিটি করপোরেশন করার চেষ্টা করব। যারা এর আগে মেয়র ও কাউন্সিলর হয়েছেন, তাঁদের কোনো সঠিক পরিকল্পনা ছিল না। বিগত ৫৫ বছর ধরে একই সমস্যা রয়েছে। এখানকার স্বাস্থ্যসেবা, রাস্তাঘাট, খেলার মাঠ—সবকিছুকে ঢেলে সাজাবো, ইনশাআল্লাহ।”

ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাফেজ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শহীদ মুন্তাসির রহমান আলিফের পিতা সৈয়দ গাজিউর রহমান ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক মাজহারুল ইসলাম। এ সময় ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে মোট ২০টি দল অংশ নেয়। ফাইনালে মুখোমুখি হয় ছাত্রশিবির তা’মীরুল মিল্লাত আবাসিক শাখা ও ছাত্রশিবির কবি নজরুল কলেজ শাখা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে কবি নজরুল কলেজ শাখা জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।