জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA)-এর অনুমোদন লাভ এবং বিশেষায়িত পাঁচটি নতুন কোর্সের উদ্বোধন উপলক্ষে ইনস্টিটিউট অব প্রফেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ (আইপিডিআর)-এর উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় রাজধানীর মতিঝিলে আইপিডিআরের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির নবনির্বাচিত চেয়ারম্যান এম. এ. খান বেলাল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ ড. মো. শাহজাহান মাদানী, বাংলাদেশ কম্পিউটার সমিতির কোষাধ্যক্ষ আবুল হাসান এবং টেকনোগ্রাম লিমিটেডের সিইও এ কে এম আহমেদুল ইসলাম বাবুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
স্বাগত বক্তব্যে আইপিডিআরের নির্বাহী পরিচালক ড. আই. এম. নেছার উদ্দিন প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য এবং দক্ষ মানবসম্পদ উন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. সাইদুল আমিন, আব্দুল করিম মৃধা কলেজের অধ্যক্ষ মো. বাহাউদ্দিন বাহার, আইপিডিআরের প্রকল্প পরিচালক খন্দকার আমিনুল হক লোটন, মতিঝিল কম্পিউটার সোসাইটির নেতৃবৃন্দ, আইইএলটিএস বিশেষজ্ঞ মো. মনিরুজ্জামান টিপু এবং জাপানি ভাষা বিশেষজ্ঞ কবির আহমেদ।
অনুষ্ঠানের শেষে নতুন কোর্সগুলোর সফলতা এবং দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ড. মু. মহিউদ্দিন আহমদ।
এদিন উদ্বোধন করা হয় পাঁচটি নতুন কোর্স— ইসলামি ইন্স্যুরেন্স (তাকাফুল) ডিপ্লোমা, জাপানিজ ল্যাঙ্গুয়েজ, প্রফেশনাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম (তাকাফুল) এবং আইইএলটিএস প্রোগ্রাম।
বক্তারা বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে আন্তর্জাতিক শ্রমবাজার ও করপোরেট খাতে প্রতিযোগিতায় টিকে থাকতে ভাষাগত ও কারিগরি দক্ষতার বিকল্প নেই। আইপিডিআরের নতুন কোর্সগুলো দেশের তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে এবং আন্তর্জাতিক কর্মবাজারে তাদের প্রতিযোগিতামূলক অবস্থান নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।