গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার শরীফ উদ্দিন। তিনি বলেছেন, শ্রীপুর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁকে নিয়মিতভাবে ভাবতে হচ্ছে। অপরাধ দমনে পুলিশের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২ আগস্ট) বিকেলে শ্রীপুর থানা পুলিশের আয়োজনে সন্ত্রাস ও মাদকবিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পুলিশ সুপার শরীফ উদ্দিন। সভায় স্থানীয় বাসিন্দারা সরাসরি পুলিশ সুপারের কাছে শ্রীপুরের সন্ত্রাস, মাদক কারবার ও অপরাধসংক্রান্ত বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।

মতবিনিময় সভায় কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, মাদক কারবারিদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার পরপরই কোনো কোনো ক্ষেত্রে সেই তথ্য সংশ্লিষ্ট কারবারিদের কাছে পৌঁছে যায়। ফলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অনেক সময় অভিযুক্তদের আটক করতে পারে না।

স্থানীয়দের বক্তব্য শোনার পর পুলিশ সুপার শরীফ উদ্দিন বলেন, "আপনাদের শ্রীপুর থানা নিয়ে আমার ঘুম হারাম। অন্য কোনো থানা নিয়ে আমার এত পেরেশানি নেই।"

তিনি আরও বলেন, "আমি অভিযোগ শুনতে আসিনি, আপনাদের কাছে অভিযোগ দিতে এসেছি।" সন্ত্রাস ও মাদক নির্মূলে শুধু পুলিশের ওপর নির্ভর না করে নিজ নিজ অবস্থান থেকে অপরাধীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

স্থানীয় রাজনৈতিক নেতাদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, "আপনারা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন, থানায় এসে তদবির করেননি?" তিনি অপরাধীদের পক্ষে কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক তদবির না করার আহ্বান জানান।

পুলিশ সুপার বলেন, আগে নিজের ঘর থেকেই অপরাধীদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী কিংবা পরিচিত কেউ সন্ত্রাস ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকলে তাদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সন্ত্রাস ও মাদকমুক্ত শ্রীপুর গড়তে পুলিশ একা সফল হতে পারবে না। স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সভায় পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তা, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় স্থানীয়দের উত্থাপিত অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।