সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পূর্ব ভবানীপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের লোকজন ধর্মীয় কীর্তন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে গত শুক্রবার গভীর রাতে স্থানীয় মইয়ার হাওরে নৌকাডুবির ঘটনায় নিহত চারজনের পরিবারের পাশে দাঁড়িয়েছে জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামী।
রোববার (২ আগস্ট) বিকেল তিনটায় সিলেট মহানগর মজলিসে শূরা সদস্য ও পেশাজীবী থানা আমির অ্যাডভোকেট ইয়াসীন খানের নেতৃত্বে জগন্নাথপুর উপজেলা জামায়াতের একটি প্রতিনিধি দল নিহতদের বাড়িতে গিয়ে সমবেদনা জানায়। এ সময় তারা প্রতিটি নিহত পরিবারের সদস্যদের হাতে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেন।
অ্যাডভোকেট ইয়াসীন খান বলেন, "নৌকাডুবিতে সনাতন ধর্মাবলম্বী চারজন মানুষের প্রাণহানির ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। তারা পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। এই অসচ্ছল পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমরা নৈতিক দায়িত্ব ও কর্তব্য মনে করি। জগন্নাথপুর উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আজ আমরা তাদের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা জানিয়েছি এবং সামান্য আর্থিক সহায়তা প্রদান করেছি। নিহতদের অসচ্ছল পরিবারগুলোর পুনর্বাসন প্রয়োজন। তাই তাদের পর্যাপ্ত আর্থিক সহায়তার জন্য আমি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।"
এ সময় উপজেলা জামায়াতের আমির মাওলানা লুৎফুর রহমান, সেক্রেটারি প্রিন্সিপাল আফজাল হোসাইন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ ও শূরা সদস্য মাস্টার আবু তাইদ, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ, পেশাজীবী শাখার সভাপতি কবির উদ্দিন, সেক্রেটারি জুলফিকার আহমদ মনি, সাবেক উপজেলা সেক্রেটারি মাওলানা নেছার উদ্দিন, সাবেক উপজেলা ছাত্রশিবির সভাপতি আবু তাহের, পেশাজীবী পৌর শাখার সম্পাদক শাহজাহান মিয়া, জুলাইযোদ্ধা রাহী কামালী, আব্দুল ওয়াদুদ, ৮ নম্বর ওয়ার্ড জামায়াত নেতা শামসুল ইসলাম, আব্দুল গনিসহ উপজেলা জামায়াতের বিভিন্ন নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।