স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে গণতান্ত্রিক, বৈষম্যহীন, মানবিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেন, 'জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক মাইলফলক। শহীদদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা দিতে হলে আইনের শাসন, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করতে হবে।'

সোমবার (৩ আগস্ট) গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের অঙ্গীকার' শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিসি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, বরং নাগরিক চেতনা, নৈতিকতা, গবেষণা, উদ্ভাবন ও নেতৃত্ব বিকাশের অন্যতম ভিত্তি। তাই শিক্ষার্থীদের জুলাইয়ের চেতনা ধারণ করে দায়িত্বশীল, আদর্শবান ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি তরুণদের অপপ্রচার ও প্রলোভনে বিভ্রান্ত না হয়ে সততা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার সঙ্গে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

বাউবির প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।

মুখ্য আলোচক জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, জুলাই ২০২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দীর্ঘদিনের শোষণ-বঞ্চনা, স্বৈরাচার, মানবাধিকার লঙ্ঘন ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে জনগণের সঞ্চিত ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি বলেন, ফ্যাসিবাদের পতনের মধ্যেই সংগ্রামের সমাপ্তি নয়; ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক তানভীর আহসান, কৃষি ও পল্লী উন্নয়ন স্কুলের অধ্যাপক ড. মোঃ আবু তালেব, প্রকাশনা, মুদ্রণ ও বিতরণ বিভাগের পরিচালক মোহাম্মদ আলী এবং বাউবির আইন বিভাগের শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা মোদাচ্ছির হোসেন।

এর আগে সকালে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে জুলাই জাগরণী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জুলাই গণআন্দোলন-২০২৪-এর তাৎপর্য তুলে ধরে গ্রাফিতি, ফেস্টুন, প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রায় ১৫টি গ্রাফিতি ও ৪০টি প্ল্যাকার্ড নিয়ে আয়োজিত এ প্রদর্শনী উপাচার্য ঘুরে দেখেন এবং দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।