চট্টগ্রাম জেলার বন্যাদুর্গত হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৯ আগস্ট তাঁর এই সফর চূড়ান্ত হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস-কে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটাই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম চট্টগ্রাম সফর। সফরকালে তিনি বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করবেন এবং বন্যায় গৃহহারা পরিবারগুলোর জন্য পুনর্নির্মিত বাড়ি হস্তান্তর করবেন।
প্রেস সচিব সালেহ শিবলী বাসস-কে বলেন, "প্রধানমন্ত্রী চট্টগ্রামে যাচ্ছেন; তা এখন পর্যন্ত চূড়ান্ত।"
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। বাসস জানায়, সফরের অংশ হিসেবে স্থানীয় প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য নতুন বাড়ি নির্মাণের কাজ প্রায় শেষ করে এনেছে, যা প্রধানমন্ত্রী নিজ হাতে উপকারভোগীদের বুঝিয়ে দেবেন। একই সাথে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও ত্রাণ বিতরণের পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর যাতায়াতের সুবিধার্থে উপযুক্ত স্থানে হেলিপ্যাড নির্মাণের কাজ চলছে। তিনি বাঁশখালীতে আয়োজিত সমাবেশে অংশ নেবেন এবং একই এলাকায় সরকারি সহায়তায় পুনর্নির্মিত ১০০টি বাড়ি ক্ষতিগ্রস্তদের মাঝে হস্তান্তর করবেন।
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়েছে। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, সফরের প্রস্তুতি সম্পর্কিত আলোচনার জন্য গুলশান কার্যালয়ে দলীয় শীর্ষ পর্যায় থেকে তাঁদের ডাকা হয়েছে এবং দলীয়ভাবে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সার্বিক প্রস্তুতির বিষয়ে চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রশাসনিক সব ধরনের প্রস্তুতি এগিয়ে রাখা হচ্ছে। দাপ্তরিকভাবে চূড়ান্ত সফরসূচি পাওয়া মাত্রই প্রটোকল ও নিরাপত্তা সম্পর্কিত সব ব্যবস্থা সম্পন্ন করা হবে।
সূত্র: বাসস