এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য সময়সূচি নির্ধারণ এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এ লক্ষ্যে আগামী ৬ আগস্ট কমিটির ৫৭৪তম বিশেষ সভা অনুষ্ঠিত হবে, যেখানে এ দুই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত ও পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।

রোববার (২ আগস্ট) জারি করা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। নোটিশে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সভায় উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, ৬ আগস্ট দুটি পৃথক সভা অনুষ্ঠিত হবে। একটি সভা হবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে এবং অন্যটি ঢাকা শিক্ষা বোর্ডে। ঢাকা শিক্ষা বোর্ডে অনুষ্ঠিত সভায় মূলত এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশের সময়সূচি, ফল প্রকাশসংক্রান্ত প্রস্তুতি এবং জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।

সভা সংক্রান্ত নোটিশ অনুযায়ী, আগামী ৬ আগস্ট সকাল ১১টায় ঢাকা শিক্ষা বোর্ডের সভাকক্ষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ৫৭৪তম সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

সভায় আগের ৫৭৩তম সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর ফল প্রকাশের বিষয় এবং জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্র প্রণয়ন ও পরিশোধন প্রক্রিয়া নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি অন্যান্য প্রশাসনিক বিষয়ও আলোচ্যসূচিতে রাখা হয়েছে।

শিক্ষা বোর্ডগুলোর এই বৈঠককে আগামী শিক্ষাবর্ষের গুরুত্বপূর্ণ পরীক্ষাসংক্রান্ত কার্যক্রমের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।