রক্তাক্ষরে জুলাই উপলক্ষে ইসলামী ছাত্রশিবির সরকারি আজিজুল হক কলেজ শাখা সোমবার সকালে সৈয়দ মুজতবা আলী ১০ তলা ভবনের সামনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর শাখার সভাপতি শফিকুল ইসলাম, সেক্রেটারি সজিবুল ইসলাম, আজিজুল হক কলেজ সভাপতি সাকিব হাসান তামিম, সেক্রেটারি আবির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রাঙ্গা, মিডিয়া সম্পাদক আবু তালহা আফনান প্রমুখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে কলেজ শাখা সভাপতি সাকিব হাসান তামিম বলেন, "ছাত্র সমাজের উপর জুলুম-নির্যাতন, গুম ও হত্যা চালিয়ে ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকতে পারেনি, আর কেউ পারবে না। বৈষম্যবিরোধী আন্দোলন যখন শেখ হাসিনা সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়, তখন সরকার স্বৈরাচারী কায়দায় ইসলামী ছাত্রশিবিরকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করেছিল। তারা ভেবেছিল আইন, জেল-জুলুম ও হত্যাকাণ্ডের মাধ্যমে একটি আদর্শিক আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেবে। কিন্তু আল্লাহর কী অপরূপ মহিমা! মাত্র চার দিনের ব্যবধানে যারা শিবিরকে নিষিদ্ধ করেছিল, তারাই জনগণের তীব্র রোষের মুখে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।"

কলেজ ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আবু তালহা আফনান জানান, মেডিকেল ক্যাম্পে সরকারি আজিজুল হক কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থীকে ফ্রি স্বাস্থ্যসেবা ও ওষুধ প্রদান করা হয়।