ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলে আধুনিক কম্পিউটার ল্যাব ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে স্থাপিত এ ল্যাব শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার গঠনে সহায়ক হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ বিকেল ৪টায় শেখ মুজিবুর রহমান হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’-এর উদ্বোধন করা হয়।

শেখ মুজিবুর রহমান হলে ডাকসুর উদ্যোগে ‘আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন._16x9

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলাম, আন্তর্জাতিক সম্পাদক খান জসীম এবং কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান। এ ছাড়া উপস্থিত ছিলেন হলের আবাসিক শিক্ষক কাজী মাঈনুদ্দীন মাহমুদ, হল সংসদের ভিপি মুসলিমুর রহমান, জিএস আহমেদ আল সাবাহ এবং এজিএস মুশফিকুর রহমান তাজওয়ার।

ডাকসুর ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মো. মাজহারুল ইসলামের সার্বিক বাস্তবায়নে এবং শেখ মুজিবুর রহমান হল সংসদের সহযোগিতায় আধুনিক এই কম্পিউটার ল্যাবটি স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টারে শিক্ষার্থীরা একাডেমিক বিভিন্ন কাজ সম্পন্ন করার পাশাপাশি তথ্যপ্রযুক্তিনির্ভর নানা দক্ষতা অর্জনের সুযোগ পাবেন। বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্স ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি ল্যাবটি ই-লাইব্রেরি হিসেবেও ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ফলে শিক্ষার্থীদের পড়াশোনা, গবেষণা ও ক্যারিয়ার প্রস্তুতিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন উদ্যোক্তারা।

উদ্যোক্তারা আরও জানান, শেখ মুজিবুর রহমান হলে আধুনিক কম্পিউটার ল্যাব স্থাপনের মাধ্যমে এ উদ্যোগের যাত্রা শুরু হলো। পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য আবাসিক হলেও একই ধরনের আইটি অ্যান্ড ক্যারিয়ার সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তাদের আশা, আধুনিক প্রযুক্তিসুবিধা শিক্ষার্থীদের হাতের নাগালে পৌঁছে দেওয়ার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, প্রযুক্তিগত দক্ষতা ও ক্যারিয়ার প্রস্তুতির পরিবেশ আরও সমৃদ্ধ হবে।