আন্তর্জাতিক অঙ্গনে শিক্ষার্থীদের ক্যারিয়ার সম্ভাবনা ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে ধারণা দিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। “Global Career Opportunities: Shaping the Future with International Organizations” শীর্ষক এ অনুষ্ঠানে আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন ও মানবসম্পদ খাতের অভিজ্ঞ পেশাজীবী এবং শিক্ষাবিদরা অংশ নেবেন।
শনিবার (২৯ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানে আন্তর্জাতিক অঙ্গনে ক্যারিয়ার গড়ার বিভিন্ন সুযোগ, প্রয়োজনীয় দক্ষতা, আন্তর্জাতিক সংস্থায় নিয়োগপ্রক্রিয়া এবং শিক্ষার্থীদের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি আন্তর্জাতিক সংস্থায় কাজের জন্য শিক্ষার্থীদের কী ধরনের একাডেমিক ও পেশাগত দক্ষতা অর্জন করা প্রয়োজন, সে বিষয়েও দিকনির্দেশনা দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. আবদুস সালাম।
অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করবেন ড. মো. মুশাররফ হোসাইন, President, Federation of Bangladesh Human Resource Organizations (FBHRO) এবং HR Advisor, ICDDR,B। তিনি আন্তর্জাতিক সংস্থা ও মানবসম্পদ খাতে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা, দক্ষতা উন্নয়ন এবং নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন।
আয়োজকরা মনে করছেন, বর্তমান বৈশ্বিক কর্মবাজারের চাহিদা, আন্তর্জাতিক সংস্থায় কর্মসংস্থানের সুযোগ এবং প্রতিযোগিতামূলক নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব ধারণা দিতে অনুষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে আন্তর্জাতিক ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীরা এ আয়োজন থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও দক্ষতা উন্নয়নের বিষয়ে কার্যকর নির্দেশনা পাবেন।