গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অধ্যয়নরত আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে ‘গ্রিন ক্যাম্পাস, গ্লোবাল মাইন্ডস: ইন্টারন্যাশনাল স্টুডেন্টস শেপিং দ্য ফিউচার অব গাকৃবি’ শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আইকিউএসি সেমিনার কক্ষে এ আয়োজন করা হয়। এতে পাকিস্তান, নাইজেরিয়া, ইথিওপিয়া ও নেপাল থেকে আসা বিএস, এমএস ও পিএইচডি পর্যায়ের আন্তর্জাতিক শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, আন্তর্জাতিক বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেন ও সহযোগী পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী।
এ সময় পরিচালক (গবেষণা) প্রফেসর ড. মোঃ মসিউল ইসলাম, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা, গাজীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এম. রকিবুল হাসান এবং সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মোঃ আরিফ হোসাঈনসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে গাকৃবির ঐতিহাসিক অগ্রযাত্রা ও অর্জন নিয়ে ‘ডিসকভারিং জিএইউ’ শীর্ষক একটি ভিজ্যুয়াল ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীদের পরিচয়পর্ব, শুভেচ্ছা স্মারক প্রদান ও বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে উদ্বোধনী বক্তব্য দেন ছাত্রকল্যাণ বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।
প্রধান আলোচকের বক্তব্যে ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, 'আমরা বিদেশি শিক্ষার্থীদের নিয়ে ‘গ্লোবাল মাইন্ডস’ গড়ে তুলতে চাই। তবে তার আগে গাকৃবিকে বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য একটি ‘গ্লোবাল হাব’ হিসেবে গড়ে তুলতে চাই। এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা নিরাপদে, স্বাচ্ছন্দ্যে ও মর্যাদার সঙ্গে পড়াশোনা করতে পারবেন এবং নিজেদের সংস্কৃতি ও অভিজ্ঞতা আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারবেন।'
গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া ‘সবুজ গাকৃবি : শান্ত ও দূষণমুক্ত নির্মল ক্যাম্পাস’ শীর্ষক আলোচনায় বলেন, গাজীপুর জেলা প্রশাসন ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করে গাজীপুরকে আরও সবুজ, বসবাসযোগ্য ও দূষণমুক্ত করতে চায়। তিনি পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পরে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে অতিথিদের উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা গাকৃবিতে তাঁদের ক্যাম্পাস জীবনের অভিজ্ঞতা, প্রত্যাশা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বশীলরা তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে অতিথিদের গ্রুপ ফটোসেশন ও নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।