চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্ত দিয়ে ছয়জন পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির তৎপরতায় তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার রহনপুর ইউনিয়নের চাঁড়ালডাঙ্গা সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৬/এমপির কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, ভোরে বিএসএফের ১২ ব্যাটালিয়নের শমসেরনগর ক্যাম্পের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৬/এমপির কাছ দিয়ে ছয়জন পুরুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে রামদাসপুর বিজিবি বিওপির টহলদল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়।

পরে বিজিবি সদস্যরা সীমান্তের শূন্যরেখায় ছয়জনকে শনাক্ত করে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন। ফলে বিএসএফের পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়।

১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এক ক্ষুদে বার্তায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ছয়জনকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশে বাধা দেওয়া হয়েছে। তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় সীমান্তে নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে।