স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গ্রামীণ মানুষের গাছকে জলবায়ু অর্থনীতির সম্ভাবনাময় সম্পদে রূপান্তরের উদ্ভাবনী ধারণা নিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) শিক্ষার্থীদের দল ‘কার্বোডিট’। CIRDAP–REEDS International Rural Development Innovation Challenge-2026 প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে আঞ্চলিক চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সেরা পাঁচ উদ্ভাবনের একটি হিসেবে নির্বাচিত হয়েছে দলটি।
‘কার্বোডিট’-এর দলনেতা সাইফুল্লাহ মানওয়ার, সিওও ফাবিয়ান তাসকিন, সিএফও অদিতি ঘোষ ও ডেভেলপার আরাফা সাইয়ারা রিজা। প্রতিযোগিতায় ১৩টি দেশের ১৮৭টি উদ্ভাবনী প্রস্তাব জমা পড়ে। কঠোর মূল্যায়ন শেষে কার্বোডিট সেরা পাঁচে স্থান করে নেয়। গত ৬ জুলাই CIRDAP-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে দলটির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আগামী ৬-১০ অক্টোবর শ্রীলঙ্কার কলম্বোয় অনুষ্ঠেয় ‘এশিয়া প্যাসিফিক কনফারেন্স অন ইনোভেশনস ইন রুরাল ডেভেলপমেন্ট’-এ কার্বোডিটের উদ্ভাবন উপস্থাপনের জন্য দলটিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
‘A Community-Based Digital Carbon Finance Model for Rural Empowerment’ শীর্ষক এ উদ্ভাবনের লক্ষ্য গ্রামীণ পরিবারের গাছকে পরিমাপযোগ্য কার্বন সম্পদে রূপান্তর করে বৈশ্বিক কার্বন বাজার ও জলবায়ু অর্থায়নের সঙ্গে যুক্ত করা। এর মাধ্যমে গাছের মালিকরা পরিবেশ রক্ষায় অবদানের আর্থিক মূল্য পাওয়ার সুযোগ পাবেন।
পাশাপাশি স্থানীয় তরুণদের সম্পৃক্ত করে গাছের তথ্য সংগ্রহ, ডিজিটাল ব্যবস্থাপনা ও কার্বন সম্পদ তৈরির কমিউনিটিভিত্তিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
গাকৃবির ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের এ অর্জনে অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সাফল্যের অন্যতম অংশীদার শিক্ষার্থীরা। তাদের উদ্ভাবনী উদ্যোগ গাকৃবির গবেষণা ও উদ্ভাবনের সক্ষমতাকে আরও এগিয়ে নেবে। তিনি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
কার্বোডিটের এ অর্জন তরুণদের উদ্ভাবনী শক্তি, গ্রামীণ মানুষের সম্ভাবনা এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় স্থানীয় সমাধান খোঁজার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।