জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের উদ্যোগে মাইক্রোক্রেডিট কর্মসূচির উৎপাদনশীলতা ও কার্যকারিতা নিয়ে গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত সেমিনারে বিভাগের শিক্ষার্থী চম্পক কুমার বর্মন 'Corrections in Microcredit Programs for Productive Outcomes: An Empirical Study on Osmaninagar Upazila of Sylhet District' শীর্ষক গবেষণাপত্র উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান বলেন, গবেষণা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ ও জ্ঞানচর্চার অন্যতম প্রধান ভিত্তি। শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করার পাশাপাশি গবেষণালব্ধ জ্ঞান উপস্থাপনের সুযোগ বাড়াতে হবে। এ ধরনের আয়োজন গবেষণার প্রতি আগ্রহ ও একাডেমিক চর্চাকে আরও সমৃদ্ধ করবে।

তিনি বলেন, মাইক্রোক্রেডিট কর্মসূচির উৎপাদনশীল ফলাফল ও কার্যকারিতা নিয়ে উপস্থাপিত গবেষণাটি দেশের আর্থসামাজিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ভবিষ্যতে সমাজ ও দেশের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিষয় বিশেষজ্ঞ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. ফরিদুল ইসলাম গবেষণাপত্রটির প্রশংসা করে বলেন, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও উপস্থাপনার দিক থেকে গবেষক প্রশংসনীয় কাজ করেছেন। এ ধরনের গবেষণা একাডেমিক জ্ঞানচর্চার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখতে পারে।

সেমিনারে গবেষণার তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম। ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের চেয়ারম্যান শেখ মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।