বরাবরের মতো এবারও দাখিল পরীক্ষার ফলাফলে সাফল্যের স্বাক্ষর রেখেছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা। ২০২৬ সালের দাখিল পরীক্ষার প্রকাশিত ফলাফলে প্রতিষ্ঠানটির মূল ক্যাম্পাস, টঙ্গী ক্যাম্পাস ও মহিলা ক্যাম্পাসের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।

মূল ক্যাম্পাস তা’মীরুল মিল্লাত ঢাকা থেকে এ+ পেয়েছে ১১৫ জন, এ ১৫৮ জন এবং এ- পেয়েছে ৬০ জন। এ ক্যাম্পাসে মোট পাসের হার ৯৪.৮৮ শতাংশ। তা’মীরুল মিল্লাত টঙ্গী ক্যাম্পাসে এ+ পেয়েছে ২৬৬ জন, এ ৩৬৭ জন এবং এ- পেয়েছে ৩৬ জন। তা’মীরুল মিল্লাত মহিলা ক্যাম্পাসে এ+ পেয়েছে ১০৮ জন, এ ১৫১ জন এবং এ- পেয়েছে ৪৩ জন। এ ক্যাম্পাসের মোট পাসের হার ৯২.৫৩ শতাংশ।

ফলাফল প্রকাশের পর শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে। তারা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

সাফল্যের ধারাবাহিকতা সম্পর্কে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুফতি খলিলুর রহমান মাদানী বলেন, পরীক্ষা শুরুর পূর্ব থেকেই বিভিন্নভাবে কোমলমতি শিক্ষার্থীদের মানসিক চাপে রাখা হয়েছিল। এরপরও মাদরাসার শিক্ষার্থীদের ফলাফলের জন্য মহান আল্লাহর বিশেষ শুকরিয়া আদায় করেন তিনি।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, ধারাবাহিক মূল্যায়ন, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়ের সম্মিলিত ফল হিসেবেই এ সাফল্য অর্জিত হয়েছে।

তিনি আশা করেন, ভবিষ্যতে আরও উন্নত ফলাফল অর্জনের মাধ্যমে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা জাতীয় পর্যায়ে শিক্ষাক্ষেত্রে তার গৌরবময় অবস্থান আরও সুদৃঢ় করবে। শিক্ষার্থীদের মেধা, নৈতিকতা ও যোগ্যতার সমন্বয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা তার শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে। দাখিল পরীক্ষায় শিক্ষার্থীদের এবারের কৃতিত্বপূর্ণ ফলাফল প্রতিষ্ঠানটির সাফল্যের ধারাবাহিকতায় আরও একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে যুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, আগামী দিনেও জ্ঞান, নৈতিকতা ও আদর্শনির্ভর শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ ও সুনাগরিক গড়ে তোলার প্রত্যয় নিয়ে এগিয়ে যাবে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা।

কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন ও উৎসাহ জানাতে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসা, ঢাকা ছাত্রসংসদের উদ্যোগে ‘কৃতী শিক্ষার্থীদের তাৎক্ষণিক সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার সময় মাদরাসা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে আয়োজিত এ সংবর্ধনা শিক্ষার্থীদের অর্জনের স্বীকৃতি দেয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল ও উচ্চতর সাফল্য অর্জনে অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।