শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ এলাকায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা ও শ্রমিক পরিবহন বাসে চাঁদা দাবিকে কেন্দ্র করে বিএনপি ও কৃষক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে আরবেলা ফ্যাশন লিমিটেড কারখানার সামনে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় কয়েকটি একাধিক ভাঙচুর করা হয়।
আহতদের মধ্যে রয়েছেন আলাউদ্দিন, মাহাবুব আলম, দেলোয়ার হোসেন, সিফাত, জুনায়েদ, মাসুম আহমেদ ও মোবারক হোসেন বাবু। তারা বিএনপি ও কৃষক দলের কর্মী-সমর্থক বলে জানা গেছে।
কৃষক দলের নেতা মাসুম আহমেদের অভিযোগ, কারখানায় শ্রমিক পরিবহনের বাস সরবরাহের কারণে বরমী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান শামীম তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা ও মাসিক ৫০ হাজার টাকা দাবি করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শামীমের লোকজন লাঠি ও লোহার রড নিয়ে হামলা চালায়।
তবে অভিযোগ অস্বীকার করে আক্তারুজ্জামান শামীম দাবি করেন, নজরুলজয়ন্তী উপলক্ষে কর্মসূচির আলোচনা শেষে কারখানার সামনে গেলে মাসুম আহমেদের নেতৃত্বে তাঁদের ওপর হামলা চালানো হয়। চাঁদাবাজি ও বাস ভাঙচুরের অভিযোগও তিনি অস্বীকার করেন।