গাজীপুরে কর্মরত সংবাদপত্রের সম্পাদক, সাংবাদিক ও সংশ্লিষ্টদের সমন্বয়ে গঠিত গাজীপুর সংবাদপত্র পরিষদের পাঁচ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক গণমুখের অধ্যাপক আমজাদ হোসেন সভাপতি এবং দৈনিক বাংলাভূমির মোঃ নজরুল ইসলাম আজহার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (২২ আগস্ট) বিকেলে গাজীপুর মহানগরের হাবিবুল্লাহ স্মরণীর দৈনিক বাংলাভূমির বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক আমজাদ হোসেন।

নবগঠিত কমিটির অন্যান্য পদে রয়েছেন-দৈনিক মুক্তবলাকার মোঃ আলমগীর হোসেন কার্যনির্বাহী সদস্য, দৈনিক কণ্ঠবাণীর মোঃ জানে আলম সাংগঠনিক সম্পাদক এবং মাসিক সংবাদ আলোচনার মোঃ ইউনুস আলী কোষাধ্যক্ষ।

সভায় গাজীপুরে সংবাদপত্রের বিকাশ, সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংবাদপত্র পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাংবাদিক ও সংবাদপত্রের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।