রংপুর নগরীতে নিজ বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ বাড়ি মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ডাকাতির সময় তাদেরকে হত্যা করা হতে পারে। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

তিনি বলেন, চারজনকে হত্যার ঘটনায় সিদ্ধার্থ ও মুগ্ধ নামে দুজনকে আটক করা হয়েছে। তারা সম্পর্কে মামাতো ভাই। বৃহস্পতিবার দিবাগত রাতে হত্যাকাণ্ডে এই দুজন অংশ নেন।

পুলিশ আরও জানায়, সিদ্ধার্থ ও মুগ্ধ ছাদে বসে ইয়াবা সেবন করছিল। এসময় শব্দ পেয়ে খালি গায়ে গলায় গামছাসহ ছাদে ওঠেন গণপতি চক্রবর্তী। ওই গামছা দিয়েই তাকে হত্যা করা হয়। এসময় শব্দ পেয়ে সিঁড়িয়ে বেয়ে উপরে উঠতে যান তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী। তখন তাকে সিঁড়িতেই হত্যা করে ওই দুজন। পরে শব্দ শুনে ওই দম্পতির অনার্স পড়ুয়া মেয়ে আগামী চক্রবর্তী প্রাপ্তি ঘর থেকে বেরিয়ে এলে তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করে তারা।

পুলিশ কমিশনার জানান, ওই দম্পতির ছেলে আয়ুশ চক্রবর্তী পিয়ম যেন তাদের পরিচয় প্রকাশ না করে দেয়, সেজন্য তাকেও শ্বাসরোধ করে হত্যা করে মুগ্ধ ও সিদ্ধার্থ।