গাজীপুর মহানগরীর গাছায় জুয়েলারি দোকানের ভেতর থেকে মো. আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) দুপুরে ভূষির মিল এলাকার আব্দুল গনি রোডের ‘সাদিয়া জুয়েলার্স’ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবুল কালাম আজাদ ‘সাদিয়া জুয়েলার্স’-এর মালিক। তার বাড়ি কুমিল্লার নাঙ্গলকোট থানার ভোলাইন গ্রামে। প্রতিদিনের মতো শনিবার রাতে তিনি দোকানের ভেতরেই ঘুমিয়েছিলেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, সাধারণত সকাল ৯টার মধ্যে দোকান খুলে ব্যবসা শুরু করতেন আজাদ। তবে রোববার দুপুর পর্যন্ত দোকান বন্ধ থাকায় আশপাশের ব্যবসায়ীদের সন্দেহ হয়। দীর্ঘ সময় দোকানের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে পাশের এক ব্যবসায়ী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে গাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোকানের ভেতর থেকে আজাদের গলাকাটা লাশ উদ্ধার করে। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার ওসি গোলাম রব্বানী জানান, হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।