দুপুরে পাশাপাশি হাঁটাহাঁটি, গল্প আর খুনসুটি। সন্ধ্যা নামতেই সেই রেললাইনেই মিলল দুজনের নিথর দেহ। গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রেমিক যুগলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
গককাল শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় গাজীপুরের শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ রেলপথের রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের উত্তর আউটার সিগনাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. সিদ্দিক মিয়ার মেয়ে রিনা আক্তার (২৫) ও আল আমিন। রিনা স্থানীয় আরবেলা ফ্যাশন এবং আল আমিন হ্যামস গার্মেন্টসের শ্রমিক ছিলেন।
স্থানীয়রা জানান, দুপুরের পর থেকে দুজনকে রেললাইনে হাঁটাহাঁটি, গল্প ও খুনসুটি করতে দেখা যায়। সন্ধ্যার দিকে ময়মনসিংহগামী একটি কমিউটার ট্রেনের সামনে তাঁরা ঝাঁপ দেন বলে স্থানীয়দের ধারণা। ট্রেনের ধাক্কায় তাঁদের মরদেহ ছিন্নভিন্ন হয়ে রেলপথের প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।
নিহত রিনার ভাই সুমন বলেন, আগের স্বামীর ঘর থেকে চলে এসে রিনা আল আমিনকে বিয়ে করেছিলেন। বিয়ের পর পরিবারের সঙ্গে তাঁর তেমন যোগাযোগ ছিল না। কী কারণে তাঁরা এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তিনি জানেন না।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।