গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী (১৭) সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
রোববার (৯ আগস্ট) সকাল থেকে মাদরাসার প্রধান ফটক ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নেন তারা। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে দুর্ভোগে পড়েন যাত্রী ও চালকরা।
গতকাল শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গাজীপুরা বাসস্ট্যান্ডসংলগ্ন মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন ইয়াসিন। পরে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ইয়াসিন পাবনার সুজানগর থানার নেয়াপাড়া এলাকার রিপন মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে টঙ্গীর গাজীপুরা কাজীপাড়া এলাকায় ভাড়া থাকতেন।
দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও পুলিশ ঢাকা মেট্রো-২০-৪৪১৩ নম্বরের কাভার্ড ভ্যানটি জব্দ করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে যায়। চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে ইয়াসিনের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন গাজীপুর সিটি করপোরেশনের জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমান। তিনি বলেন, টঙ্গীর তা'মীরুল মিল্লাত মাদরাসার সামনে রাস্তা পারাপারের সময় মাদরাসার নবম শ্রেণির এক শিক্ষার্থী কাভার্ড ভ্যানের ধাক্কায় ইন্তেকাল করেছে।
তিনি বলেন, ‘বহুদিন ধরে বলে আসছি, গাজীপুরাসহ নগরীর বেশ কয়েকটি পয়েন্টে অতীব জরুরি ভিত্তিতে ফুটওভারব্রিজ/আন্ডারপাস নির্মাণ করা দরকার। কিন্তু প্রশাসনের কানে কথা যায় না। আর এর ফলে প্রাণ হারাচ্ছেন সাধারণ মানুষ।’
ড. হাফিজুর রহমান আরও বলেন, গাজীপুর সিটিবাসীর নিরাপদে রাস্তা পারাপারের জন্য অন্তত আট থেকে ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে অবিলম্বে ওভারপাস বা আন্ডারপাস নির্মাণ করতে হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে সড়ক পারাপারে আনসার সদস্য নিয়োগেরও দাবি জানান তিনি।
তিনি বলেন, ‘তবে সবচেয়ে জরুরি হলো, বিআরটি প্রকল্পের একটা রফাদফা করা। এভাবে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা আর নিতে পারছি না।’
এদিকে শিক্ষার্থীরা গাজীপুরা এলাকায় দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে স্পিডব্রেকার নির্মাণ, নিরাপদে সড়ক পারাপারের জন্য ফুটওভারব্রিজ বা ফ্লাইওভার নির্মাণ এবং দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। দাবি বাস্তবায়নে উদ্যোগ না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।
অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।