মাধবদী (নরসিংদী) সংবাদদাতা: নরসিংদীর মাধবদীতে কুরবানির পশু জবাই, মাংস কাটাকাটি ও চামড়া ছাড়ানোর জন্য কসাইদের নির্ধারিত কোনো সরকারি মূল্য না থাকায় প্রতিবারের মতো এবারও তৈরি হয়েছে চরম ভোগান্তি। এলাকাভেদে এবং কসাইভেদে ভিন্ন ভিন্ন দর হাঁকা হচ্ছে। কোথাও প্রতি হাজার টাকার পশুর জন্য ১০০ টাকা, কোথাও ১৫০ টাকা আবার কোথাও ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কুরবানিদাতারা। অনেকেই বলছেন, এই খাতে সরকারি বা পৌরসভার একটি নির্ধারিত কাঠামো থাকা জরুরি।
মাধবদী পৌর শহরের বিরামপুর এলাকার বাসিন্দা ডা. ওবায়দুর রহমান প্রতিবছরের মতো এবারও কুরবানির প্রস্তুতি নিচ্ছেন। তবে এখনো পশু কেনেননি, কারণ শেষ মুহূর্তে কিনতে চান। কিন্তু এর আগেই তিনি কসাই ঠিক করে ফেলেছেন। তার সঙ্গে চুক্তি হয়েছে প্রতি হাজার টাকার পশুর জন্য ১৫০ টাকা করে দিতে হবে। তিনিবলেন, ‘কোরবানির সময় কসাই ঠিক করাই এক ধরনের ঝামেলার কাজ। গরু কাটা ও চামড়া ছাড়ানোর কোনো নির্ধারিত মূল্য নেই। যে যার মতো দর হাঁকায়। মাধবদী বাজারের নিয়মিত কসাইরা বেশি রেট নেন, বাইরে থেকে আসা কসাইরা তুলনামূলক কম মূল্য নেন।’
তিনি আরও জানান, তার ঠিক করা কসাইরা শহরের বাহিরের গ্রাম থেকে আসবেন এবং কয়েক বছর ধরে একইভাবে তার এলাকায় কাজ করছেন। তার মতে, মাধবদীতে যেহেতু হাজার হাজার পশু কুরবানি হয়, তাই পৌরসভার উদ্যোগে একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা প্রয়োজন।
মাধবদী ও আশপাশের বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, কুরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য নির্ধারিত কোনো একক হার নেই। কোথাও পশু প্রতি হাজার টাকায় ১০০ টাকা, কোথাও ১৫০ টাকা আবার কোথাও ২০০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। মাধবদীর আশপাশের গ্রামগুলোতে এই হার ১০০টাকা হলেও পৌর শহরের কিছু ওয়ার্ডে এই হার ১৫০ টাকা, এলাকাভেদে কাশিপুর, বিরামপুর, টাটাপাড়া এলাকায় তা ২০০ টাকা পর্যন্ত পৌঁছেছে। বিরামপুর, টাটাপাড়া, ছোটমাধবদী এলাকাতেও এই হার প্রায় ১৫০ টাকার কাছাকাছি।
এই পার্থক্যের কারণে একই দামের পশু কুরবানি করেও খরচে বড় ধরনের ব্যবধান তৈরি হচ্ছে। উদাহরণ হিসেবে বলা হচ্ছে, দেড় লাখ টাকার একটি গরুতে প্রতি হাজার ২০০ টাকা হিসাবে কসাইয়ের খরচ দাঁড়ায় প্রায় ৩০ হাজার টাকা। আর ১৫০ টাকা হলে তা হয় ২২ হাজার ৫০০ টাকা। অর্থাৎ শুধু মাংস কাটার খরচেই কয়েক হাজার টাকা পার্থক্য তৈরি হচ্ছে। এ নিয়ে মাধবদী শহরের বিভিন্ন এলাকার কুরবানিদাতাদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। তাদের মতে, বছরের একটি নির্দিষ্ট দিনে ঈদ হওয়ায় অনেকেই বিষয়টি নিয়ে সরাসরি অভিযোগ করেন না। কিন্তু এটি একটি বড় আর্থিক চাপ হিসেবে দেখা দেয়। বিশেষ করে মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের জন্য এটি অতিরিক্ত ব্যয় হিসেবে যোগ হচ্ছে।
পৌর শহরের ৮ নং ওয়ার্ডের কাশিপুর মহল্লার বাসিন্দা মকবুল হোসেন বলেন, বাসায় গরু কাটার মতো সক্ষম লোক না থাকায় কসাইয়ের ওপর নির্ভর করতে হয়। তিনি এখনো গরু না কিনলেও কসাই ঠিক করে রেখেছেন। তার চুক্তি অনুযায়ী পশু ক্রয়ের প্রতি হাজারে ২০০ টাকা দিতে হবে। তিনি বলেন, ‘কোরবানি, হাসলি আর কসাইয়ের বিল- সব মিলিয়ে অনেকেই বড় ধরনের আর্থিক চাপের মধ্যে পড়ে যায়। নির্ধারিত মূল্য থাকলে ভোগান্তি কমতো।’
পৌর শহরের ১০ নং ওয়ার্ডের আনন্দী মহল্লার বাসিন্দা বাবুল মিয়া বলেন, মাধবদীর স্থানীয় কসাইরা সাধারণত বেশি দাম নেন, কিন্তু বাইরে থেকে আসা কসাইরা তুলনামূলক কম নেন। এ কারণে বাজারে কোনো একক মূল্য কাঠামো তৈরি হয়নি। তিনি জানান, অনেক এলাকায় শরিকে একসঙ্গে কুরবানি দেওয়া হয়। সেখানে গরুপ্রতি নির্দিষ্ট টাকা নেওয়া হয়, যা সাধারণত ৫ হাজার থেকে ৮ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে। তবে সেটিও কোনো সরকারি মানদ- নয়, বরং স্থানীয়ভাবে নির্ধারিত।