তানোর (রাজশাহী) সংবাদদাতা

রাজশাহীর তানোরে কোল্ড স্টোরেজ মালিকদের আলু সংরক্ষণ ভাড়া বৃদ্ধি ও হিমাগার সিন্ডিকেটের বিরুদ্ধে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি তানোর উপজেলার গোল্লাপাড়া বাজার মাঠে ‘রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক মোঃ মুজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলু ব্যবসায়ী ও সংগঠনের সভাপতি মোঃ আহাদ আলী। সভা পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মোঃ আজাহার সরদার।

বক্তারা অভিযোগ করেন, চলতি মৌসুমে তানোরসহ বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণের ভাড়া সিন্ডিকেটের মাধ্যমে একতরফাভাবে অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হয়েছে। এতে সাধারণ আলু চাষি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা মারাত্মক আর্থিক সংকটে পড়েছেন। উৎপাদন খরচের সঙ্গে অতিরিক্ত হিমাগার ভাড়া যুক্ত হওয়ায় কৃষকদের অবস্থা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।

বক্তারা অবিলম্বে এই অযৌক্তিক ভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান এবং কৃষকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ঘোষণা দেন। তারা বলেন, কৃষকদের ন্যায্য অধিকার আদায়ে প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এদিকে, সভা সফল করতে তানোর উপজেলা জামায়াত ব্যাপক প্রস্তুতি গ্রহণ করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ আলমগীর হোসেন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সেক্রেটারি মোহাম্মদ আক্কাস আলী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রহিম ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আব্দুল কাদের। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত নেতৃবৃন্দ, পৌর জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মী, কৃষক প্রতিনিধি, আলু ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

আয়োজকরা জানান, এই মতবিনিময় সভা থেকে কৃষকদের যৌক্তিক দাবি-দাওয়া তুলে ধরা হয়েছে এবং হিমাগার কর্তৃপক্ষের একতরফা ভাড়া বৃদ্ধির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে উপজেলা পর্যায়ে কৃষকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের বার্তাও দেওয়া হয়েছে। তানোর উপজেলা জামায়াতের পক্ষ থেকে উপজেলার সর্বস্তরের জনগণ, কৃষক, ব্যবসায়ী ও সচেতন মহলকে ভবিষ্যতেও কৃষকদের অধিকার আদায়ের আন্দোলনে পাশে থাকার আহ্বান জানানো হয়।