বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃষ্টি উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে আয়োজিত এ র্যালিতে দলীয় স্লোগান, ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্র, ঘোড়ার গাড়ি এবং বিভিন্ন ব্যানার-ফেস্টুনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মঙ্গলবার গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। র্যালিটি জয়দেবপুর চৌরাস্তা সড়কে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কয়েক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ী মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি।
র্যালিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ড. মাজহারুল আলমসহ মহানগর ও থানা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, বাসন থানা বিএনপির সাবেক সভাপতি বশির আহমেদ বাচ্চু, মহানগর যুবদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভাট, বিএনপি নেতা ভিপি জয়নাল আবেদীন তালুকদার, সাইফুল ইসলাম টুটুল, ভিপি আসাদুজ্জামান নূর, কামাল উদ্দিন, গাজী সালাউদ্দিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। বৃষ্টির মধ্যেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে র্যালিটি প্রাণবন্ত হয়ে ওঠে। ব্যান্ড পার্টির বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। ঘোড়ার গাড়িসহ নানা সাজসজ্জা র্যালিতে ভিন্নমাত্রা যোগ করে।
আয়োজকরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের মধ্যে ঐক্য, সাংগঠনিক শক্তি ও গণতান্ত্রিক আন্দোলনের চেতনা আরও সুদৃঢ় করতেই এ বর্ণাঢ্য র্যালি ও সমাবেশের আয়োজন করা হয়।