গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভূঁইয়া। মঙ্গলবার (১২ মে) অনুষ্ঠিত এ পরিদর্শনে তিনি কারাগারের সার্বিক পরিবেশ, বন্দিদের আবাসন ব্যবস্থা, খাদ্য সরবরাহ, চিকিৎসাসেবা এবং পুনর্বাসনমূলক কার্যক্রম ঘুরে দেখেন।

কারা প্রাঙ্গণে পৌঁছালে কারা কর্তৃপক্ষ জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি কারাগারের বিভিন্ন ওয়ার্ড ও সেবা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক কারাবন্দিদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও চাহিদার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি প্রতিকারযোগ্য বিষয়গুলো দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। বন্দিদের মানবিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি তাদের মানসিক উন্নয়ন ও পুনর্বাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন।

এসময় জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া বলেন, 'কারাগার শুধু বন্দি রাখার স্থান নয়, এটি সংশোধন ও পুনর্বাসনের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। বন্দিদের মানবিক মূল্যবোধ, দক্ষতা ও ইতিবাচক মানসিকতা গড়ে তুলতে পুনর্বাসনমূলক কার্যক্রম আরও সম্প্রসারণ করা প্রয়োজন।'

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ হোসাঈন, কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ-আল-মামুনসহ কারাগারের উর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বন্দিদের জীবনমান উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং কারাগারকে আরও মানবিক ও আধুনিক সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে নিয়মিত তদারকি ও পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।