কুষ্টিয়ার খোকসায় বিএনপি নেতা ও মেয়র পদপ্রার্থী মো. নাফিজ আহমেদ খান রাজুর ওপর সন্ত্রাসী হামলা ও গুলির ঘটনায় দায়ের করা মামলায় অজ্ঞাতনামা আসামি আবু নাসের বাঙ্গালী জয় (২৩)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৫ আগস্টের ওই হামলার ঘটনায় খোকসা থানায় মামলা নং-০৩ (তারিখ: ৯ আগস্ট ২০২৬) দায়ের করা হয়। মামলায় দণ্ডবিধির ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২২ আগস্ট) কুমারখালী উপজেলার এনায়েতপুর বাজারে অভিযান চালিয়ে জয়কে গ্রেপ্তার করা হয়। তিনি এনায়েতপুর গ্রামের মৃত শফিকুল আলমের ছেলে।

খোকসা থানার অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মো. দর্জি আবু জাফরের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে জয় ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন এবং নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। তাঁর জবানবন্দির মাধ্যমে হামলা ও গুলির ঘটনার নেপথ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত জয়কে শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।