বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বগুড়ার সবচেয়ে আকর্ষণীয় ফুটবল প্রতিযোগিতা ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’। শনিবার বিকেলে টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বগুড়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম বাদশা এমপি, কাজী রফিকুল ইসলাম এমপি, সুরাইয়া জেরিন এমপি, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির।
এ ছাড়া ক্রীড়া সংগঠক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব খাজা আবু হায়াত হিরু, জেলা ক্রীড়া কর্মকর্তা আকরাম হোসেন, পুলিশ সুপারের প্রতিনিধি, জেলা প্রশাসনের কর্মকর্তারা, উপজেলা নির্বাহী কর্মকর্তারা, ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে সারিয়াকান্দি উপজেলাকে ৫-৪ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে দুপচাঁচিয়া উপজেলা। নির্ধারিত সময়ে উভয় দল ১-১ গোলে সমতায় থাকায় টাইব্রেকারে ম্যাচের ফল নির্ধারিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, সরকার বগুড়া জেলার প্রতিটি ইউনিয়নে সরকারি জায়গায় একটি করে খেলার মাঠ তৈরি করবে। পাশাপাশি প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম এবং বগুড়া শহরের তিনমাথায় ১৩০ কোটি টাকা ব্যয়ে প্যারা স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে।
তিনি বলেন, বর্তমান সরকার খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে পাঠ্যপুস্তকে খেলাধুলাকে অন্তর্ভুক্ত করছে। স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি জাতীয় ক্রীড়াবিদদের অবসরকালীন ভাতা দেওয়ারও উদ্যোগ নিয়েছে সরকার।