লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে উৎসবমুখর পরিবেশে চন্দ্রগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ‘সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত স্থানীয় রাজমুকুট কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

চন্দ্রগঞ্জ উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাও. মহিউদ্দিনের সভাপতিত্বে এবং সহ-সভাপতি গাজী মাজেদুর রহমান শফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি আ হ ম মুস্তাকুর রহমান। কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন চ্যানেল টোয়েন্টিফোরের বিজনেস রিপোর্টার দেলাওয়ার হোসাইন দোলন।

এ ছাড়া প্রশিক্ষণ সেশনে বক্তব্য ও দিকনির্দেশনা দেন স্টার নিউজের নোয়াখালী প্রতিনিধি মো. গোলাম কিবরিয়া রাহাত এবং সময় টিভির নোয়াখালী স্টাফ রিপোর্টার সাইফুল্লাহ কামরুল।

কর্মশালায় স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার তরুণ এবং কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

প্রশিক্ষণ সেশনে মাল্টিমিডিয়া ও ডিজিটাল সাংবাদিকতা, মোবাইল জার্নালিজম (MoJo), ফ্যাক্ট চেকিং ও ফেক নিউজ শনাক্তকরণ, বুনিয়াদি সাংবাদিকতা, অনুসন্ধানী ও ক্রাইম রিপোর্টিং এবং বস্তুনিষ্ঠ স্থানীয় সাংবাদিকতার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তথ্য যাচাই করে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেন।

অংশগ্রহণকারীদের পরিচিতি ও মতবিনিময়ের মধ্য দিয়ে শুরু হওয়া দিনব্যাপী কর্মশালাটি প্রশিক্ষণ পর্যালোচনা এবং অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে শেষ হয়।