হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় জামিন পেয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনসহ ১১ নেতাকর্মী।
আজ রোববার (২ আগস্ট) হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মো. আব্দুল মান্নান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। এর আগে সকালে আসামিরা আদালতে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে জামিনের আবেদন জানিয়েছিলেন।
মামলায় জামিন পাওয়া অন্য নেতাকর্মীদের মধ্যে রয়েছেন বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সদস্যসচিব আশরাফুজ্জামান রিয়াজ, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আসিফুল ইসলাম ইমন, কলেজ ছাত্রদল নেতা মোজাক্কির হোসেন ইমন, এম এইচ শিমুল, আল সাইমুন, মাহফুজ চৌধুরী, ইশতিয়াক রহমান ইফতি, শেখ সাব্বির, নাজমুল হোসেন অনি এবং রক্সি ইসলাম।
জামিনের বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কুতুব উদ্দিন জুয়েল জানান, মামলার এজাহারে ঘটনার নির্দিষ্ট স্থান, তারিখ কিংবা সুনির্দিষ্ট অভিযোগের সুস্পষ্ট উল্লেখ ছিল না। শুনানিতে এসব আইনি অসংগতি আদালতের সামনে তুলে ধরা হলে বিচারক বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের জামিন দেন।
অন্যদিকে আদালত থেকে বেরিয়ে জেলা ছাত্রদল সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে উপস্থিত হয়ে জামিন চেয়েছেন এবং আদালত তা মঞ্জুর করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জে এনসিপির দিনব্যাপী কর্মসূচি শেষে সংগঠনটির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম সার্কিট হাউজের দিকে যাওয়ার পথে শহরের কোর্ট মসজিদের সামনে তাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এর জেরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে বেশ কয়েকজন আহত হন।
এই ঘটনায় পরবর্তীতে এনসিপির ছাত্র সংগঠন জেলা ছাত্রশক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে সদর মডেল থানায় ছাত্রদল সভাপতিকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।