আলীকদম (বান্দরবান) সংবাদদাতা : রামিসার ধর্ষক ও হত্যাকারীসহ সকল ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং জনসম্মুখে প্রকাশ্যে ফাঁসির দাবিতে বান্দরবানের আলীকদমে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে দলমত নির্বিশেষে সাধারণ ছাত্র-জনতা।

২২ মে (শুক্রবার) দুপুর ২টার দিকে উপজেলার ১নং আলীকদম সদর ইউনিয়নের আলীকদম বাজারে ‘আলীকদম উপজেলার ছাত্র-জনতা’র ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি আলীকদম বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় আন্দোলনকারী ছাত্র-জনতা “জাস্টিস ফর রামিসা”, “রামিসা হত্যার বিচার চাই”, “ফাঁসি চাই ফাঁসি চাই, সকল ধর্ষকের ফাঁসি চাই” ইত্যাদি স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। মিছিল শেষে বাজারের মেসার্স নাছির স্টোরের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মোঃ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা কালাম ফেরদৌস ইশফাক, এনসিপি নেতা রিয়াজুল হাসান, সাবেক ছাত্রনেতা আনোয়ারুল ইসলাম মামুন, ‘রেড জুলাই-আলীকদম’ এর প্রতিনিধি মোঃ আরাফাত এবং স্থানীয় নেতা রেজাউল করিম শিশির।

সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “ধর্ষকের কোনো দল নেই, জাত নেই। সে কেবলই একজন অপরাধী। সমাজ ও রাষ্ট্র থেকে এই ব্যাধি দূর করতে সবাইকে দলমত নির্বিশেষে ধর্ষকদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।” বক্তারা আরও বলেন, রামিসার মতো অবুঝ শিশুর ওপর এমন বর্বরতা ও হত্যাকা- অত্যন্ত উদ্বেগজনক। দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকা-ের সুষ্ঠু বিচার নিশ্চিত করে অপরাধীদের ফাঁসির রায় কার্যকর করতে হবে।

এ সময় বক্তারা বর্তমান বিচার ব্যবস্থার সংস্কার দাবি করে বলেন, ব্রিটিশ আমলের পুরোনো আইন পরিবর্তন করে ধর্ষণের মতো জঘন্য অপরাধের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং ধর্ষকদের জনসম্মুখে ফাঁসি দেওয়ার আইন পাস করতে হবে।

বক্তব্য প্রদানকালে নিহত রামিসার বাসায় গিয়ে সান্ত¡না দেওয়া এবং তাঁর পরিবারের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীকে আলীকদমের ছাত্র-জনতার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

দলমত নির্বিশেষে উপজেলার প্রায় অর্ধশতাধিক ছাত্র-জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। কর্মসূচি চলাকালীন বাজারে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছিল।