চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) রহনপুরের উৎসব কমিউনিটি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘A+ সংবর্ধনা–২০২৬’ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের নির্বাচিত ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মো. মুস্তাকুর রহমান জাহিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মুহাইমেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেন। এ সময় বক্তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, মেধা ও শিক্ষাজীবনের সাফল্যকে শুধু ব্যক্তিগত অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশ ও জাতির কল্যাণে কাজে লাগাতে হবে।
বক্তারা আরও বলেন, সততা, দক্ষতা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে শিক্ষার্থীদের নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দেবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক চরিত্র, মানবিক মূল্যবোধ ও দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
শিক্ষার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহারসামগ্রী তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।