বগুড়ার নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উপজেলা ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলাম (৩৬) গ্রেপ্তার হয়েছেন। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১২ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় টহলরত র‍্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এক ব্যক্তি সিএনজি অটোরিকশায় করে ইয়াবা নিয়ে নুন্দহ গ্রামের দিকে যাচ্ছেন। পরে নুন্দহ গ্রামের মোজাম্মেলের বাড়ির সামনে সড়কে চেকপোস্ট বসানো হয়।

রাত ৯টার দিকে একটি নম্বরবিহীন যাত্রীবাহী অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে সেটি থামিয়ে তল্লাশি করা হয়। অটোরিকশায় থাকা একমাত্র যাত্রী রবিউল ইসলামকে সন্দেহ হলে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁর প্যান্টের বাম পকেটে থাকা জিপার ব্যাগে ইয়াবা রয়েছে বলে তিনি স্বীকার করেন। পরে ওই ব্যাগ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

এ ঘটনায় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক বলেন, “দল কোনো ব্যক্তির অপরাধের দায় নেবে না। ইতিমধ্যে তাঁকে দল থেকে বহিষ্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে।”

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রবিউল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাঁকে বগুড়া আদালতের হাজতে পাঠানো হয়েছে।