বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নিয়ে এ+ সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে জেলার পাঁচ শতাধিক মেধাবী শিক্ষার্থী অংশ নেয়।
“মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক এবং কুড়িগ্রামের কৃতী সন্তান আসিফ আব্দুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।

জেলা শিবিরের সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সেক্রেটারি মো. মোবাশ্বের রাশেদীন।
প্রধান অতিথির বক্তব্যে আসিফ আব্দুল্লাহ বলেন, ছাত্রশিবির সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। সংগঠনটি কাউকে জোর করে শিবিরের সঙ্গে যুক্ত করে না বলেও দাবি করেন তিনি। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার পাশাপাশি ক্ষতিকর সম্পর্ক ও অতিরিক্ত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি রেজাউল করিম শাকিল বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভালোবাসা ও আস্থার জায়গা থেকে ছাত্রশিবিরকে ভোট দিয়েছেন। অতীতেও নানা প্রতিকূলতার মধ্যে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। তাই কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া ছাত্রশিবিরের জন্য নতুন কোনো আয়োজন নয় বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া এবং নাগেশ্বরী উপজেলার কৃতী সন্তান ও চিকিৎসক মো. আমিনুর রহমান।
জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকার স্বপন কৃতী শিক্ষার্থীদের করতালির মাধ্যমে বরণ করে নেন। ভালো ফলাফলের পেছনে শিক্ষকদের অবদানের কথা উল্লেখ করে তিনি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধ ও হাদীসহ বিভিন্ন ব্যক্তিকে স্মরণ করেন।
অনুষ্ঠানে অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য দেন ভুরুঙ্গামারীর বাসিন্দা একরামুল হক। কৃতী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন সায়েল আল ইসলাম।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি তাঁদের ভবিষ্যৎ শিক্ষাজীবন ও ক্যারিয়ার পরিকল্পনা নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।