আজ ৩৩ জুলাই (২ আগস্ট) রোববার ২০২৪ সালের এইদিন শুক্রবার ছিল। সরকার জামায়াত শিবিরকে নিষিদ্ধ করে আরও বেশি আগ্রাসি হয়ে ওঠে। শেখ হাসিনাসহ ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানা খান কামালের পক্ষ থেকে আন্দোলনকারীদের বিরুদ্ধে অনেক বেশি কঠোরতার নির্দেশনা আসে। তারা আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিতে থাকেন প্রয়োজনে আরও বেশি লাশ ফেলার জন্য। যে কোন উপায়ে আন্দেলন দমন করতে হবে। প্রায় প্রতিদিন এরকমের নির্দেশ পালন করার উৎসাহ দেয়া হতো। এর ফলো আপ করা হতো প্রতিদিন। নির্দেশ পালন করতে গিয়ে মেয়াদোত্তীর্ণ গোলাবারুদ এবং টিয়ারসেল ব্যবহার করতে দেখা যায় আইন-শৃঙ্খলা বাহিনীকে। ঢাকাজুড়ে আন্দোলন দমনের প্রতিটি পদক্ষেপে মানবাধিকার লঙ্ঘন করে পুলিশ।
আন্দোলনের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় এদিন দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। মিডিয়ার খবরে বলা হয়, মোবাইল নেটওয়ার্ক থেকে চেষ্টা করেও ফেসবুক ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। আবার বন্ধ করে দেয়া হলো মেটার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম। তবে এবার মাধ্যমগুলো বন্ধ করা হয়েছে শুধু মোবাইল নেটওয়ার্কে। এছাড়া মোবাইল নেটওয়ার্কে টেলিগ্রাম অ্যাপও বন্ধ করা হয়েছে।
দুপুর সোয়া ১২টার পর মোবাইল নেটওয়ার্কে মেটার প্ল্যাটফর্মগুলোর ক্যাশ বন্ধ করা হয়। এখন মোবাইল নেটওয়ার্ক থেকে চেষ্টা করেও ফেসবুক ব্যবহার করতে পারছেন না গ্রাহকরা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা শুরু হলে গত ১৭ জুলাই থেকে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়া হয়। প্রায় দুই সপ্তাহ পর গত ৩১ জুলাই বেলা ২টার পর থেকে এসব প্ল্যাটফর্ম চালু করা হয়।
আগের দিন বৃহস্পতিবার রাত থেকে দেশে ইন্টারনেটে গতি স্বাভাবিক হচ্ছিল। দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ১২ কোটির বেশি। ফেসবুক মোবাইল ডেটা বন্ধ থাকলে আবার ভিপিএনের ব্যবহার বাড়বে এবং তা ইন্টারনেটের গতির ওপর প্রভাব ফেলবে।
এতো দিন জামায়াত শিবির পেছনে থেকে ছাত্র-জনতার আন্দোলনে ব্যাক আপ দিলেও ১ আগস্ট নিষিদ্ধ ঘোষণার পর তারা প্রকাশ্যে রাজপথে নেমে আসে। সমস্ত শক্তি নিয়ে মাঠে নেমে যায় তারা। এক সময় পরিস্থিতি এমন পর্যায়ে চলে আসে যে তারা ডু অর ডাই সিদ্ধান্তে চলে যায়। প্রতিটি জনশক্তি মাঠে নেমে যায় আন্দোলন সফল করার জন্য। সাথে সাথে দেশের বৃহৎ জনগোষ্ঠী আলেম সমাজ রাস্তায় নেমে পড়ে। অন্যদিকে আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় সাধারণ জনগোষ্ঠি। আন্দোলনে রাজপথ পিচ্ছিল হতে থাকে ছাত্র-জনতা আর সাধারণ মানুষের রক্তে। সেদিন রাষ্ট্রকে চ্যালেঞ্জ দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনী, ছাত্রলীগ য্বুলীগের মুখোমুখি দাঁড়িয়ে যায় জনতা। শুরু হয় বিপ্লব আর অভ্যূত্থানের প্রসব ব্যাথা।
সেই দিনগুলোয় ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে বৃহত্তর লড়াইয়ের মাধ্যমে জনগণ একত্রিত হয়, বিশেষ করে বিক্ষোভকারীদের দমানোর জন্য ক্রমবর্ধমান তীব্র ও সহিংস রাষ্ট্রীয় পীড়ন দেখে সর্বশক্তি নিয়ে মাঠে নামে ছাত্র-জনতা। এতে আন্দোলন আরও বেগবান হয়।
এদিন শিক্ষক ও নাগরিক সমাজের ডাকা ‘দ্রোহযাত্রায়’ যোগ দেন হাজার হাজার মানুষ। যাত্রাটি রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়। পরে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর ও টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী দ্রোহযাত্রায় অংশ নিতে বেলা তিনটার আগে থেকেই জাতীয় প্রেসক্লাবের সামনে মানুষেরা উপস্থিত হতে থাকেন। তাঁদের মধ্যে ছিলেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীরা।
যাত্রার শুরুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক আনু মুহাম্মদ বক্তব্য দেন। তিনি বলেন, তাঁদের দাবি এখন একটাই, এই সরকারকে পদত্যাগ করতে হবে। জনগণের ক্ষমতা জনগণের কাছে আনতে হবে। সরকারের কাছে কোনো কিছু চাওয়ার নেই। তবে অনেক বিচার বকেয়া রয়েছে। ‘জুলাই হত্যাকাণ্ডের’ বিচার করতে হবে। আনু মুহাম্মদ আরও বলেন, এখন প্রধান এজেন্ডা (আলোচ্য বিষয়) বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর কীভাবে হবে।
বেলা সাড়ে তিনটার দিকে দ্রোহযাত্রাটি শুরু হয়। বিকেল সোয়া চারটার দিকে সেটি কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছায়। দ্রোহযাত্রায় জনস্বাস্থ্যবিদ মুশতাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সি আর আবরার, আসিফ নজরুল, উন্নয়ন অর্থনীতি বিষয়ক গবেষক মাহা মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের ধাওয়া-পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। শিল্পী সমাজের ব্যতিক্রমী প্রতিবাদে শামিল হন সর্বস্তরের মানুষ।
২ আগস্ট শুক্রবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মসজিদে জুমার নামায শেষে দোয়া মোনাজাত ও মন্দির, গির্জাসহ সব প্রার্থনালয়ে প্রার্থনার পর নিহতদের কবর জিয়ারত ও ছাত্র-জনতার গণমিছিলের এ কর্মসূচি শুরু হয়। সারা দেশে এ কর্মসূচি পালিত হয়। এছাড়া এদিন ছিল শিক্ষক ও নাগরিক সমাজের ‘দ্রোহযাত্রা’ কর্মসূচি পালন। শিল্পীসমাজের ব্যতিক্রমী প্রতিবাদে শামিল হন সর্বস্তরের মানুষ।
বৈষম্যবিরোধী আন্দোলনের জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার পাশাপাশি রাজনৈতিক দলগুলো হুংকার দিয়ে মাঠে নামে। জামায়াত শিবির এতোদিন পেছনে থেকে আন্দোলনের কল কাঠি নাড়লেও এদিন পাদপ্রদীপের সামনে এসে পড়ে তারা। এতে অংশ নেয় অন্যান্য রাজনৈতিকদলও।
২ আগস্ট বিক্ষোভকারীরা হত্যার প্রতিবাদ অব্যাহত রাখে। হাজার হাজার মানুষ বিচারের জন্য মিছিলে যোগ দেয়। রাজধানীসহ সারাদেশে আ’লীগ নেতাকর্মী ও পুলিশের হামলায় আরও দুজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। চলমান সহিংসতা ও নাশকতার ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার ৭৮ এইচএসসি পরীক্ষার্থী সারাদেশের বিভিন্ন আদালত থেকে জামিন পান। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৫৫ জন, চট্টগ্রাম বিভাগের ১৪ জন, খুলনা বিভাগের ছয়জন এবং রংপুর বিভাগের তিনজন রয়েছেন। এদিকে, শিশু ও সংস্কৃতি বিষয়ক জাতিসংঘের সংস্থা, ইউনিসেফ, জুলাই মাসে বাংলাদেশে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভের সময় কমপক্ষে ৩২ শিশুর মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে। ইউনিসেফের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক সঞ্জয় উইজেসেকেরা শিশুরা যাতে আবার স্কুলে ফিরে আসে তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।
ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে তিনি বলেন, জুলাই মাসে বিক্ষোভের সময় অন্তত ৩২ শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছে ইউনিসেফ। এ ছাড়া অনেক শিশু আহত হয়েছে এবং অনেককে আটক করা হয়েছে। শিশুদের এই মৃত্যু ভয়ানক ক্ষতি। সব ধরনের সহিংসতার নিন্দা জানায় ইউনিসেফ। বিবৃতিতে ইউনিসেফের এই কর্মকর্তা জানান, এক সপ্তাহ বাংলাদেশে কাটানোর পর সবেমাত্র দেশটি থেকে গিয়েছেন তিনি। বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতা ও চলমান অস্থিরতার যে প্রভাব শিশুদের ওপর পড়ছে, তা নিয়ে তিনি উদ্বিগ্ন।
বাংলাদেশ সরকার, ইউনিসেফের অংশীদার এবং তরুণদের জন্য কাজ করছে, এমন সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক হয়েছে বলে বিবৃতিতে জানান সঞ্জয় উইজেসেকেরা। এসব বৈঠকে জাতিসংঘের শিশু অধিকার সনদে শিশুদের একত্র হওয়া ও শান্তিপূর্ণভাবে সমাবেশের অধিকারের স্বীকৃতি দেওয়ার বিষয়টির ওপর জোর দেন তিনি। উইজেসেকেরা বলেন, শিশু ও তরুণেরা বাংলাদেশের ভবিষ্যৎ। তাঁরা যখন কোনো কিছু নিয়ে সোচ্চার হন, তখন তাঁদের সুরক্ষা দেওয়া উচিত।
এদিন ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ক বলেন, ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) হেফাজতে থাকাকালে গত ২৮ জুলাই রাতে এক ভিডিও বার্তায় আন্দোলন প্রত্যাহারের যে ঘোষণা তাঁরা দিয়েছিলেন, তা স্বেচ্ছায় দেননি। এক যৌথ বিবৃতিতে ছয় সমন্বয়ক এ কথাগুলো বলেন। বেলা ১১টা ২২ মিনিটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নুসরাত তাবাসসুম গণমাধ্যমে এই বিবৃতি পাঠান।
আগের বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে ডিবির হেফাজত থেকে ছয় সমন্বয়ককে ছেড়ে দেয়া হয়। তাঁদের ডিবি কার্যালয় থেকে কালো রঙের দুটি গাড়িতে করে বাসায় পৌঁছে দেয়া হয়। পরিবারের কাছে ফেরার পর তাঁরা যৌথ বিবৃতি দিলেন। এ সময় তাঁরা বলেন, ছাত্র-নাগরিক হত্যার বিচার ও আটক নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে।
‘ডিবি কার্যালয়ে আটক থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কের বিবৃতি’ শীর্ষক এই যৌথ বিবৃতিতে বলা হয়, গত ২৬ জুলাই ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তিন সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে ডিবি জোর করে তুলে মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যায়। নাহিদ ও আসিফ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরদিন ২৭ জুলাই সারজিস ও হাসনাতকে সায়েন্স ল্যাব এলাকা থেকে জোর করে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ২৮ জুলাই ভোররাতে বাসা ভেঙে জোর করে নুসরাতকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এর আগে বৃহস্পতিবার (১ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচির অংশ হিসেবে এর ঘোষণা দেয়া হয়। শিক্ষার্থীদের ৯ দফা দাবিগুলো হলো-
১) প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র-নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
২) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দলীয় ক্যাডার ও সন্ত্রাসী কর্তৃক ছাত্র-নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আইনমন্ত্রী আনিসুল হককে পদত্যাগ করতে হবে। ইন্টারনেট শাটডাউন করে দেশে ডিজিটাল ক্রাকডাউন করায় তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে পদত্যাগ করতে হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক মিডিয়ায় শহিদ শিক্ষার্থী এবং আন্দোলনরত শিক্ষার্থীদেরকে ‘ড্রাগ এডিক্ট’ বলে কুরুচিপূর্ণ ও মিথ্যা বক্তব্য দিয়ে এবং আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করায় তথ্যপ্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে পদত্যাগ করতে হবে।
৩) ঢাকাসহ সারাদেশে যত ছাত্র-নাগরিক শহিদ হয়েছে সেখানকার ডিআইজি, পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে।
৪) ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সব বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্যাম্পাসে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে ওইসব বিশ্ববিদ্যালয়ে ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে।
৫) যে পুলিশ-বিজিবি-র্যাব ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের ওপর গুলি করেছে, ছাত্রলীগ-যুবলীগসহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং যেসব নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনা কর্মকর্তাদের নিরস্ত্র ছাত্র আন্দোলনকারীদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছে, তাদের আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে এবং দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে।
৬) ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠনসহ সব লেজুরবৃত্তিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে।
৭) দেশব্যাপী যেসকল ছাত্র-নাগরিক শহিদ এবং আহত হয়েছে তাদের পরিবারকে অতিদ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে।
৮) অবিলম্বে সব শিক্ষাপ্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে। সেই সঙ্গে কারফিউ তুলে নিয়ে সারাদেশের সব ক্যাম্পাসে মোতায়েন করা পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াট এবং আর্মি তুলে নিতে হবে।
৯) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের অ্যাকাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে। ইতোমধ্যে গণগ্রেপ্তার ও পুলিশি হয়রানির শিকার সমন্বয়কবৃন্দ ও ছাত্র-নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে এবং সব মামলা প্রত্যাহার করতে হবে।