ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে আজ (সোমবার) থেকে দেশের সরকারি ও বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হচ্ছে।

এবার ঈদুল আজহায় ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। মূলত সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পান টানা সাত দিনের লম্বা ছুটি।

ছুটি শেষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক-বিমা কোম্পানি, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারে নিয়মিত কার্যক্রম শুরু হবে।

এদিন থেকে ব্যাংকের লেনদেন কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে। এছাড়া বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও স্বাভাবিক নিয়মে চলবে। পাশাপাশি এদিন দেশের দুই শেয়ারবাজারের লেনদেন কার্যক্রমও শুরু হবে।

সকাল ১০টা-বিকেল ৩টা পর্যন্ত গ্রাহকরা ব্যাংকে লেনদেন করতে পারবেন। তবে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। বিমা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও চলবে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

এদিকে দীর্ঘ ছুটির পর কর্মস্থলে ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সপ্তাহান্তজুড়ে দেশের বিভিন্ন জেলা থেকে সড়ক, রেল ও নৌপথে রাজধানীমুখী যাত্রীর চাপ দেখা গেছে। এর প্রভাব পড়তে শুরু করেছে ঢাকার সড়কগুলোতেও। কয়েক দিন তুলনামূলক ফাঁকা থাকার পর রাজধানীতে যানবাহনের সংখ্যা বাড়ছে।