প্রিমিয়ার ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডে গতকাল প্রতি ম্যাচেই দেখা গেছে রানের ফোয়ারা। ব্যাট হাতে দাপুটে পারফরম্যান্সে ব্যাটাররা মাঠ মাতিয়ে তুলে নিয়েছে পাঁচ সেঞ্চুরি। ব্যাটারদের সেঞ্চুরির উৎসবের দিনে ৫ উইকেট নিয়ে আলো ছড়িয়েছেন স্পিনার তাইজুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব ও পেসার এনামুল হক আশিক। তাইজুল ২৬ রানে, আমিনুল ৪৮ ও এনামুল ৪১ রানে ৫ উইকেট পেয়েছেন। জাতীয় দলের ক্রিকেটাররা এই রাউন্ডে ফেরায় লিগের উত্তেজনা। টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আবাহনী লিমিটেডের হয়ে মাত্র ৮০ বলে সেঞ্চুরি পেয়েছেন। সিটি ক্লাবের হয়ে সেঞ্চুরি তুলেছেন এনামুল হক। ৪০ পেরোনো এই ক্রিকেটার লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ পেয়েছেন। মিরপুর শের-ই-বাংলায় দ্যুতি ছড়িয়েছেন ইরফান শুক্কুর। ১২৭ রান করেন লিজেন্ডস অব রূপগঞ্জের এই ক্রিকেটার। এছাড়া বসুন্ধরা স্ট্রাইকার্সের ফজলে রাব্বী দিনের সর্বোচ্চ ১৩২ রান করেছেন। দিনের শেষ সেঞ্চুরি আসে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের আব্দুল্লারহ ব্যাট থেকে।

আবাহনীর জার্সি গায়ে জড়িয়ে সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। দলের জয়ের নায়কও তিনি। অগ্রণী ব্যাংককে ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে ৯ উইকেটে হারিয়েছে তারা। আগে ব্যাটিংয়ে নেমে অগ্রণী ব্যাংক ১৭৮ রানে গুটিয়ে যায়। জবাবে শান্তর ৯০ বলে ১০৮ রানের ইনিংসে ৩১.৪ ওভারে লক্ষ্য ছুঁয়ে ফেলে আবাহনী। শান্ত ৭টি করে চার ও ছক্কায় নিজের সেঞ্চুরি রাঙিয়েছেন আপন ছন্দে। মোহামেডান স্রেফ উড়িয়ে দেয় গুলশান ক্রিকেট ক্লাবকে। আগে ব্যাটিং করে মোহামেডান ৯ উইকেটে ৩৪৫ রান করে। জবাব দিতে নেমে গুলশান ক্লাব মাত্র ১০৮ রানে গুটিয়ে যায়। ২৩৭ রানে জয় পায় মোহামেডান। মতিঝিল পাড়ার ক্লাবটির হয়ে অধিনায়ক তাওহীদ হৃদয় সর্বোচ্চ ৮৬ রান করেন। এছাড়া মুশফিকুর রহিম ৭২ ও আফিফ হোসেন ৫৫ রান করেন। জবাবে তাইজুল ও তানভীরের ঘূর্ণিতে মোহামেডানের জয় নিশ্চিত হয়ে যায়। তাইজুল ৯.২ ওভারে ২৬ রানে ৫ উইকেট নেন। তানভীর ১০ ওভারে ৩৭ রানের খরচে ৪ উইকেট পেয়েছেন। মিরপুরে লো স্কোরিং ম্যাচে দ্যুতি ছড়িয়েছেন ইরফান শুক্কুর। গাজী গ্রুপ ক্রিকেটার্স আগে ব্যাটিং করতে নেমে ২১০ রানে গুটিয়ে যায়। জবাবে শুক্কুরের ১২৭ রানে রূপগঞ্জ সহজে জয় পায়। ৭৫ বলে ১৮ চার ও ৫ ছক্কায় বাঁহাতি এই ব্যাটার ইনিংস সাজান। পিএসপির দুই নাম্বার মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে সিটি ক্লাব। সিটি ক্লাবের ওপেনার এনামুল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়ে করেছেন ১০৩ রান। তার ইনিংসে ভর করে সিটি ক্লাব ২৬৬ রান করে। জবাব দিতে নেমে বিশাল ব্যাটিং লাইনআপ থাকা সত্ত্বেও প্রাইম ব্যাংক ৯ উইকেটে ২৪৭ রানের বেশি করতে পারেনি।