পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ-শ্যামল পরিবেশ গড়ে তোলার প্রত্যয়ে গাজীপুরের শ্রীপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করেছে মাওনা ইউনিয়ন জামায়াতে ইসলামী।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টায় মাওনা ইউনিয়নের সলিং মোড়ে স্থানীয় কার্যালয়ের সামনে বকুল ফুলের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন মাওনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. আব্দুল মতিন, যুব বিভাগের সেক্রেটারি মো. ওমর ফারুক এবং মাওনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব আব্দুল বাতেন মোল্লা। এ ছাড়া বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারি, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু প্রকৃতির সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং মানুষের জীবন ও পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকেও বেশি করে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসতে হবে। পরে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।