ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ধাওয়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে গাঁজাবাহী একটি মাইক্রোবাস। পরে ক্রেনের সহায়তায় মাইক্রোবাসটি উদ্ধার করে পুলিশ। এ সময় পানিতে ভাসমান অবস্থায় ৯ বস্তা ভারতীয় গাঁজা জব্দ করা হয়েছে। তবে গাড়িতে থাকা চালক ও মাদক পাচারকারীরা সাঁতরে পালিয়ে গেছেন।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বিনাউটি ইউনিয়নের খিদিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। পলাতক চালক ও মাদক পাচারকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা যায়, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে কসবা থানা-পুলিশের একটি দল সৈয়দাবাদ-নয়নপুর সড়কে অভিযান চালায়।

অভিযানের সময় পুলিশের নজরে পড়ে কালো রঙের একটি মাইক্রোবাস। গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হলে পুলিশ সেটিকে থামার সংকেত দেয়। তবে চালক পুলিশের নির্দেশনা উপেক্ষা করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ মাইক্রোবাসটিকে ধাওয়া করে।

ধাওয়ার সময় মাইক্রোবাসটি কসবা-সৈয়দাবাদ সড়কের সঙ্গে সংযুক্ত আন্দিরপাড়-মনকাশাইর সড়কে ঢুকে পড়ে। একপর্যায়ে খিদিরপুর গ্রাম অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মাইক্রোবাসটি সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়।

মাইক্রোবাসটি পুকুরে পড়ে যাওয়ার পর গাড়ির ভেতরে থাকা গাঁজার প্যাকেট ও বস্তা পানিতে ভেসে ওঠে। এ সময় গাড়িতে থাকা চালক ও মাদক পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা সাঁতরে পালিয়ে যান।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুরে ভাসমান গাঁজার বস্তাগুলো উদ্ধার করে। পাশাপাশি ক্রেনের সহায়তায় পানিতে পড়ে যাওয়া মাইক্রোবাসটিও পুকুর থেকে তুলে আনা হয়। উদ্ধার করা হয়েছে মোট ৯ বস্তা গাঁজা।

পুলিশের তথ্য অনুযায়ী, জব্দ করা মাইক্রোবাসটির নম্বর ঢাকা মেট্রো-চ ১৯-০৭৪০।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গাঁজা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় খিদিরপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি পুকুরে পড়ে যায়। পরে ক্রেনের সাহায্যে গাড়িটি উদ্ধার করা হয় এবং ৯ বস্তা গাঁজা জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া গাঁজার মোট পরিমাণ এখনো নির্ধারণ করা হয়নি। পালিয়ে যাওয়া চালক ও মাদক পাচারকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।