পাকিস্তান ক্রিকেট দলের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে ঐতিহাসিক জয় এবং টানা চার টেস্ট ম্যাচ জেতার অনন্য রেকর্ড গড়েছে বাংলাদেশ। আর এই মাঠের দাপুটে পারফরম্যান্সের পরপরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) থেকে এলো স্মরণীয় এক সুখবর। টেস্ট র‌্যাঙ্কিংয়ের ইতিহাসে এই প্রথম সাত নম্বরে উঠে এসেছে টিম বাংলাদেশ। শুধু তাই নয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে ভারতকে টপকে ৫ নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথচলার ইতিহাসে এটিকে অন্যতম সেরা অর্জন হিসেবে দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা। ঘরের মাঠে পেস-সহায়ক কন্ডিশনে পাকিস্তানকে এভাবে উড়িয়ে দেওয়া শান্ত-তাসকিনদের এক নতুন ও পরিপক্ব বাংলাদেশেরই জানান দিচ্ছে। গতকাল বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নেয় নাজমুল হোসেন শান্তর দল। আর এই ম্যাচ শেষ হওয়ার পরপরই আইসিসি তাদের টেস্ট র‌্যাঙ্কিং হালনাগাদ করে, যেখানে পরাশক্তি পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে টপকে টেবিলের সপ্তম স্থানটি নিজেদের করে টেস্ট সিরিজ শুরুর আগে মিরপুরের চেনা মন্থর ও স্পিন-সহায়ক পিচের চিরাচরিত পথ থেকে সরে আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পেস বোলার ও ব্যাটারদের সুবিধা দিতে ঘাসের ও গতিময় পিচ প্রস্তুত করা হয়। সিলেট টেস্টেও একই রণকৌশল বজায় রাখে টিম ম্যানেজমেন্ট। ঘরের মাঠে এমন সাহসী সিদ্ধান্তের পূর্ণ মর্যাদা দিয়েছেন পেসার ও ব্যাটাররা। ব্যাটে-বলে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে সফরকারীদের কোনো সুযোগই দেয়নি স্বাগতিকরা। উল্লেখ্য ২০০০ সালে দশম টেস্ট খেলুড়ে দেশ হিসেবে টেস্ট মর্যাদা পেয়ছিলো বাংলাদেশ। শুরুতে একদম তলানিতেই ছিল কয়েক বছর। পরে নয় নম্বরে হয় উত্তরণ। সেখানেই কেটেছে বেশিরভাগ সময়। ২০১৮ সালে প্রথমবার আট নম্বরে উঠে নিজেদের সেরা অবস্থান তৈরি করেছিলো। তবে আটে বেশি থাকা হয়নি। বিগত কয়েক বছরে নয় নম্বরেই ছিলো বাংলাদেশের অবস্থান।গতকাল বুধবার সিলেটে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে দুই ধাপ উন্নতি হয়েছে স্বাগতিকদের। পাকিস্তানের হয়েছে দুই ধাপ অবনতি। ছয় থেকে এখন আটে নেমে গেছে পাকিস্তান।বাংলাদেশ নয় থেকে সাতে উঠায়, আট নম্বর থেকে নয় নম্বার পজিশনে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। না খেলেই এক ধাপ উন্নতি হয়ে ছয়ে অবস্থান শ্রীলঙ্কার। টেস্ট র‌্যাঙ্কিংয়ে উপরের দলগুলোর অবস্থানের কোন বদল হয়নি। আগের মতই শীর্ষে আছে অস্ট্রেলিয়া, দুইয়ে দক্ষিণ আফ্রিকা, তিনে ভারত, চারে ইংল্যান্ড। পাঁচ ও ছয়ে আছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। বাংলাদেশের এই উত্তরণ অবশ্য অনুমিত। পাকিস্তানের বিপক্ষে ঘরে-বাইরে দুই সিরিজেই দাপট দেখিয়েছেন শান্তরা। ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে গিয়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর ঘরের মাঠেও একই ফলাফল অর্জনে সক্ষম হলো । অস্ট্রেলিয়ার পর দ্বিতীয় দল হিসেবে টানা দুই সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা দলের নাম হলো বাংলাদেশ। এই জয়ের পর বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ১৫৫১। আটে থাকা পাকিস্তানের ১২০৫ রেটিং পয়েন্টের চেয়ে অনেকটাই এগিয়ে থাকল লাল সবুজের প্রতিনিধিরা। এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে। এই আসরের অনেকগুলো খেলা বাকি থাকলেও ইংল্যান্ড, ভারতকে টপকে এই মুহুর্তে পাঁচে অবস্থান বাংলাদেশের।