সভ্যতার ইতিহাসে সমালোচনা যেমন জ্ঞানচর্চার অন্যতম শক্তি, তেমনি এটি মানবিক সম্পর্ক রক্ষা কিংবা ভেঙে দেওয়ারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। একটি সৎ সমালোচনা একজন মানুষকে নতুন করে ভাবতে শেখায়, ভুল সংশোধনের সুযোগ দেয় এবং আত্মশুদ্ধির পথ খুলে দেয়। কিন্তু একই সমালোচনা যদি অহংকার, ঘৃণা কিংবা প্রতিশোধের ভাষায় উচ্চারিত হয়, তবে তা আর সংশোধনের উপায় থাকে না; বরং মানুষের আত্মসম্মানকে আঘাত করে, সম্পর্ক নষ্ট করে এবং সমাজে বিদ্বেষের বীজ বপন করে।

আজকের পৃথিবীতে আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে মানুষ প্রায়ই সত্য প্রতিষ্ঠার জন্য নয়, বরং প্রতিপক্ষকে পরাজিত করার জন্য সমালোচনা করে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন অসংখ্য মন্তব্য, তর্ক ও বিতর্কের ভিড়ে আমরা লক্ষ্য করি—মানুষের যুক্তির চেয়ে কণ্ঠস্বর উঁচু, সত্যের চেয়ে আবেগ প্রবল, আর মানবিকতার চেয়ে অহংকার বেশি দৃশ্যমান। যেন সমালোচনার উদ্দেশ্য ভুল সংশোধন নয়; বরং কাউকে অপমান করে নিজেকে বিজয়ী প্রমাণ করা।

কিন্তু ইসলাম আমাদের ভিন্ন শিক্ষা দেয়। মহান আল্লাহ বলেন-“তোমরা উত্তম কথা বলো মানুষের সঙ্গে।” (সূরা আল-বাকারা-২ : ৮৩)

এই সংক্ষিপ্ত নির্দেশনার মধ্যেই মানবিক যোগাযোগের এক অনন্য দর্শন নিহিত রয়েছে। সত্য বলার অধিকার যেমন রয়েছে, তেমনি সেই সত্য বলার ভঙ্গিও হতে হবে উত্তম, মর্যাদাপূর্ণ এবং কল্যাণকামী।

অন্য একটি আয়াতে আল্লাহ বলেন-“হে মুমিনগণ! কোনো সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে উপহাস না করে। হতে পারে তারা তাদের চেয়ে উত্তম।” (সূরা আল-হুজুরাত-৪৯:১১)

এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয়, মানুষের মর্যাদা ক্ষুণ্ন করে কখনো নৈতিক উৎকর্ষ অর্জন করা যায় না। যে সমালোচনা মানুষকে অপমানিত করে, তা কখনো কল্যাণের পথ হতে পারে না।

রাসূলুল্লাহ (সা:) মানুষের ভুল সংশোধন করতেন, কিন্তু মানুষের সম্মান নষ্ট করতেন না। তিনি প্রায়ই বলতেন, “কিছু মানুষের কী হয়েছে যে তারা এমন করছে?”-এভাবে তিনি ব্যক্তির নাম উল্লেখ না করেই ভুলের সংশোধন করতেন। এর মধ্যেই রয়েছে শিক্ষার সৌন্দর্য-মানুষকে লজ্জিত না করে তাকে উন্নতির সুযোগ দেওয়া।

পারস্যের মহান সুফি কবি জালালউদ্দিন রুমি লিখেছিলেন, “গতকাল আমি ছিলাম বুদ্ধিমান, তাই পৃথিবীকে বদলাতে চেয়েছিলাম। আজ আমি জ্ঞানী, তাই নিজেকেই বদলাচ্ছি।” এই বাক্য আমাদের মনে করিয়ে দেয়, সত্যিকারের সমালোচনা শুরু হয় নিজের আত্মসমালোচনা দিয়ে। যে নিজের সীমাবদ্ধতা বোঝে না, তার সমালোচনা প্রায়ই অহংকারে পরিণত হয়।

এরিস্টটল মানুষের নৈতিক উৎকর্ষকে দেখেছিলেন অভ্যাসের মাধ্যমে গড়ে ওঠা এক গুণ হিসেবে। তাঁর মতে, গুণের পথ চরমতার মাঝখানে অবস্থিত। সমালোচনার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। একদিকে নীরবতা, যা অন্যায়কে প্রশ্রয় দেয়; অন্যদিকে নির্মম আক্রমণ, যা মানুষকে ভেঙে দেয়। এই দুই চরমতার মাঝখানে রয়েছে ন্যায়সংগত, সংযত ও সহমর্মিতাপূর্ণ সমালোচনা।

মুসলিম দার্শনিক ইমাম আল-গাজ্জালী লিখেছেন, মানুষের অন্তর আয়নার মতো। কঠোর ভাষা সেই আয়নায় ধুলো জমায়, আর কোমল ভাষা তাকে পরিষ্কার করে। তাই সত্য বলাই যথেষ্ট নয়; সত্য বলার পদ্ধতিও সত্যের মতোই গুরুত্বপূর্ণ।

আমরা সবাই ভুল করি। ভুল মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। তাই অন্যের ভুল দেখে বিদ্রুপ করার আগে নিজের অসম্পূর্ণতার কথা স্মরণ করা প্রয়োজন। যে ব্যক্তি আজ অন্যের ভুল নিয়ে হাসছে, কাল হয়তো একই ভুলের মুখোমুখি হবে। এই বিনয়ই মানুষকে ন্যায়পরায়ণ করে।

কুরআনের শিক্ষা হলো-“সৎকর্ম ও অসৎকর্ম সমান নয়। তুমি মন্দকে এমন উত্তম আচরণ দ্বারা প্রতিহত কর, তখন দেখবে যার সঙ্গে তোমার শত্রুতা ছিল, সে যেন অন্তরঙ্গ বন্ধুর মতো হয়ে গেছে।” (সূরা ফুসসিলাত- ৪১ : ৩৪)

আজ আমরা এমন এক ‘পোস্ট-ট্রুথ’ সময়ে বাস করছি, যেখানে অনেক ক্ষেত্রেই মানুষের কাছে সত্যের চেয়ে অনুভূতি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মানুষ প্রায়ই কোনো বক্তব্য সত্য কি না, তা যাচাই করার আগে দেখে-বক্তাকে সে পছন্দ করে কি না। যদি পছন্দ করে, তবে দুর্বল যুক্তিও গ্রহণযোগ্য মনে হয়; আর অপছন্দ করলে শক্তিশালী যুক্তিও প্রত্যাখ্যাত হয়। এই প্রবণতা সমাজে বিভাজন বাড়ায় এবং সত্য অনুসন্ধানের পথকে সংকুচিত করে।

কুরআন আমাদের এই পক্ষপাত থেকে দূরে থাকার শিক্ষা দেয়। মহান আল্লাহ বলেন-“হে মুমিনগণ! তোমরা আল্লাহর উদ্দেশ্যে ন্যায়ের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো এবং ন্যায়ের সাক্ষ্য দাও। কোনো সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ যেন তোমাদের ন্যায়বিচার থেকে বিরত না রাখে। ন্যায়বিচার কর; এটাই তাকওয়ার অধিক নিকটবর্তী।” (সূরা আল-মায়িদা-৫:৮)

এই আয়াত আমাদের শেখায়, সমালোচনার ভিত্তি হবে ন্যায়বিচার, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নয়। কারণ সত্য ব্যক্তি দেখে বদলে যায় না।

রাসূলুল্লাহ (সা:) বলেছেন, “যে আল্লাহ ও পরকালে বিশ্বাস করে, সে যেন উত্তম কথা বলে অথবা নীরব থাকে।” (সহিহ আল-বুখারি ও সহিহ মুসলিম)

এই হাদিস সমালোচনার ক্ষেত্রেও সমান প্রযোজ্য। প্রতিটি সত্য কথা বলা জরুরি নয়; বরং এমনভাবে বলা জরুরি, যাতে তা মানুষকে সংশোধনের দিকে আহ্বান করে।

সমালোচনার একটি নৈতিক কাঠামো থাকতে পারে-

প্রথমত, সত্যকে যাচাই না করে সমালোচনা করা যাবে না।

দ্বিতীয়ত, কোনো মতের ভালো দিক থাকলে তা স্বীকার করতে হবে; শুধু দুর্বলতা খোঁজা ন্যায়সংগত নয়।

তৃতীয়ত, ব্যক্তিকে নয়, তার বক্তব্য বা কাজকে মূল্যায়ন করতে হবে।

চতুর্থত, রাগের মুহূর্তে নয়, বিবেকের আলোয় কথা বলতে হবে।

পঞ্চমত, এমন ভাষা ব্যবহার করতে হবে, যাতে মানুষ নিজেকে অপমানিত নয়, বরং সম্মানিত অনুভব করে।

ষষ্ঠত, সমালোচনার সঙ্গে সমাধানের পথও দেখাতে হবে।

সবশেষে মনে রাখতে হবে, সভ্য সমাজের ভিত্তি শুধু মতপ্রকাশের স্বাধীনতা নয়; বরং দায়িত্বশীল মতপ্রকাশ। যে সমালোচনা মানুষকে ছোট করে, তা ক্ষণিকের করতালি পেতে পারে; কিন্তু ইতিহাসে টিকে থাকে সেই সমালোচনা, যা মানুষকে বড় হতে সাহায্য করে।

আমাদের সমাজ আজ জ্ঞানের সংকটে যতটা নয়, তার চেয়ে বেশি ভুগছে সহমর্মিতার সংকটে। আমরা কথা বলতে শিখেছি, কিন্তু শুনতে শিখিনি; যুক্তি করতে শিখেছি, কিন্তু বোঝাতে শিখিনি; সমালোচনা করতে শিখেছি, কিন্তু মানুষকে গড়ে তুলতে শিখিনি।

অতএব, সমালোচনার লক্ষ্য হওয়া উচিত না কাউকে পরাজিত করা, না নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা। এর উদ্দেশ্য হবে সত্যকে প্রতিষ্ঠা করা, ভুলকে সংশোধন করা এবং মানুষকে তার সর্বোত্তম রূপে পৌঁছাতে সাহায্য করা। কারণ যে সমালোচনা ভালোবাসা, ন্যায়, প্রজ্ঞা ও সহমর্মিতার ভিত্তিতে দাঁড়ায়, সেটিই প্রকৃত অর্থে গঠনমূলক সমালোচনা। আর এমন সমালোচনাই ব্যক্তি, সমাজ ও সভ্যতাকে আরও আলোকিত, ন্যায়ভিত্তিক ও মানবিক ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।

লেখক : কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক।